Published : 24 May 2026, 06:40 PM
প্রকৃতি দেখতে, ইতিহাস জানতে কিংবা বিশ্রাম নিতে ভ্রমণের গন্তব্য বেছে নেওয়া স্বাভাবিক। তবে এই ধারণায় যুক্ত হয়েছে নতুন এক ধারা। আর সেটা হল পছন্দের সিনেমা, ধারাবাহিক কিংবা উপন্যাসের জগতে ঘুরে বেড়ানোর ইচ্ছা।
নতুন এই ভ্রমণধারাকে বলা হচ্ছে ‘সেট-জেটিং’। অর্থাৎ, যে জায়গায় জনপ্রিয় বা আলোচিত কোনো গল্পের দৃশ্য ধারণ করা হয়েছে বা যার সঙ্গে কোনো পরিচিত চরিত্রের সম্পর্ক রয়েছে এমন স্থানে ঘুরতে যাওয়ার প্রবণতা।
ভ্রমণ সংস্থা এক্সপেডিয়া’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘সেট-জেটিং’ কেবল একটি সাময়িক ‘ক্রেইজ’ নয়, বরং একটি বহুজাতিক অর্থনীতিতে রূপ নিচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ৫৩ শতাংশ পর্যটক জানিয়েছেন যে, পর্দায় কোনো দৃশ্য দেখার পর তাদের সেই জায়গায় যাওয়ার ইচ্ছা তীব্র হয়। বিশেষ করে জেন-জি এবং মিলেনিয়ালদের মধ্যে ৮১ শতাংশ তরুণ, তাদের পরের ভ্রমণের গন্তব্য ঠিক করেছেন কোনো সিনেমা বা অনুষ্ঠান দেখে।
দেশীয় ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নট এইট’-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনি বলেন, “তরুণ ভ্রমণকারীদের অনেকেই এখন সিনেমা, ওয়েব ধারাবাহিক কিংবা বই দেখে ভ্রমণের গন্তব্য ঠিক করতে পছন্দ করেন। কারণ এই ভ্রমণকারীরা শুধু কোনো জায়গাই দেখতে চায় না, বরং সেই গল্পের অনুভূতিরও অংশ হতে চান।”
গল্পের ভেতরে যাওয়ার ইচ্ছা
কোনো জনপ্রিয় ধারাবাহিক দেখার সময় দর্শক প্রায়ই কল্পনা করেন যদি সেই শহরের রাস্তায় হাঁটা যেত, সেই ক্যাফেতে বসা যেত কিংবা সেই পাহাড়ের সামনে দাঁড়ানো যেত। ‘সেট-জেটিং’ আসলে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে করা হয়।
এক্সপেডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে উদহারণ হিসেবে উল্লেখ করা হয়, এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ ধারাবাহিকের প্রথম ও দ্বিতীয় সিজন সম্প্রচারের পর, যথাক্রমে হাওয়াই এবং ইতালির সিসিলিতে পর্যটকদের ‘সার্চ’ ও বুকিংয়ের পরিমাণ ৩০০ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
‘গেইম অফ থ্রোনস সিরিজের কারণে, আইসল্যান্ডে ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে পর্যটকদের যাওয়ার পরিমাণ বেড়েছিল ৩৮৬ শতাংশ।
নেটফ্লিক্সে প্রচারিত ‘ব্রিজারটন’ সিরিজে প্রদর্শিত 'ক্যাসেল হাওয়ার্ড' জমিদার বাড়িটি দেখার জন্য ১৮ থেকে ২৪ বছর বয়সিদের সার্চিং রেট হঠাৎ ৩,৪০৮ শতাংশ বেড়ে যায়।
যেমন এমিলি ইন প্যারিস দেখার পর অনেক ফ্রান্সের প্যারিস কিংবা ইতালির রোম ঘুরতে যেতে আগ্রহী হতে পারেন। আবার গেম অব থ্রোনস –এর দর্শকেরা আয়ারল্যান্ডের কোন দুর্গ বা পাহাড়ি এলাকা দেখতে ছুটে যেতেই পারেন। এমন কি দেশের মধ্যের অনেকে স্থানেও ভ্রমণের আগ্রহ তৈরি হতে পারে। কারণ সেই জায়গাগুলো পর্দায় দেখার পর বাস্তবে দেখার আকর্ষণ এই ভ্রমণকারীদের মধ্যে বেড়ে যায়।
রনি বলেন, “মানুষ এখন শুধু ছবি তোলার জন্য ভ্রমণ করেন না। আবেগ, স্মৃতি ও গল্পের সঙ্গে ভ্রমণের সংযোগ খোঁজার ধারা এখন তৈরি হয়েছে।”
তরুণ ভ্রমণকারীদের পছন্দের কারণ
তরুণ ভ্রমণকারীদের অনেকেই প্রিয় অনুষ্ঠান বা চলচ্চিত্র দেখে নতুন জায়গা সম্পর্কে আগ্রহী হন। সামাজিক যোগাযোগ মাধ্যমও এই প্রবণতা বাড়িয়ে তুলতে কাজ করে।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জীবনধারা-বিষয়ক মার্কিন গবেষক ও লেখক লিসা মিলব্র্যান্ড বলেন, “আজকাল মানুষ শুধু গল্প পড়া বা পর্দায় দেখেই সন্তুষ্ট থাকতে চায় না, তারা সেই গল্পের ভেতরে বাঁচতে চায়।”
মানুষ সেখানে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন ইনস্টাগ্রাম) শেয়ার করে এক ধরনের মানসিক তৃপ্তি পায়।
অনেক সময় দেখা যায় কেউ যখন কোনো জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত স্থানে দাঁড়িয়ে ছবি প্রকাশ করছেন, তখন অন্যরাও সেখানে যেতে উৎসাহ হন।
ভ্রমণের আগে যা জানা জরুরি
তবে এই রনি নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “শুধু কোনো সিনেমা দেখে হঠাৎ ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। আগে সেই জায়গা সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। কারণ অনেক সময় সিনেমায় যে শহর বা দেশ দেখানো হয়, বাস্তবে শুটিং হয়েছে হয়ত অন্য কোথাও।”
তাই ভ্রমণের আগে কোন দৃশ্য কোথায় ধারণ করা হয়েছে, সেখানে কীভাবে যাওয়া যায়, কোন সময় গেলে ভালো হবে এসব তথ্য জেনে নেওয়া উচিত।
এছাড়া ভ্রমণের সময় ধৈর্য ধরে পরিকল্পনাও দরকার। জনপ্রিয় স্থানগুলো খুব সকালে ঘুরতে গেলে তুলনামূলক কম ভিড় পাওয়া যায়। একই সঙ্গে আশপাশের কম পরিচিত এলাকাও ঘুরে দেখা উচিত, যাতে স্থানীয় সংস্কৃতিরও আসল স্বাদ পাওয়া সম্ভব হয়।
অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ
‘সেট-জেটিং’য়ের বড় আকর্ষণ হল, নিজেকে গল্পেরই অংশ মনে হওয়া। প্রিয় চরিত্রের মতো একই রাস্তায় হাঁটা, একই ক্যাফেতে বসা, আবার সেই সমুদ্রতটে দাঁড়িয়ে ছবি তোলা, যা আগে শুধু পর্দায় দেখা হয়েছে।
এই ধারা বিনোদন ও পর্যটন শিল্পের এক অপূর্ব মেলবন্ধন।
“তবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার জন্য নয়, স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ নষ্ট না করে জায়গাটির সংস্কৃতি, মানুষ ও ইতিহাস জানার চেষ্টাই হবে মূল আনন্দ। আর এতেই ভ্রমণ আরও অর্থবহ হয়ে উঠতে পারে”, মন্তব্য করেন রনি।
আরও পড়ুন
ভ্রমণে দ্রুত জেট ল্যাগ কাটানোর উপায়