Published : 26 Apr 2026, 03:42 PM
ভ্রমণের দিন মানেই ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর আছে অনিশ্চয়তা। কখনও বিমানবন্দরে অপেক্ষা, কখনও দীর্ঘ পথযাত্রা- সব মিলিয়ে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি থাকে সবসময়।
আর একবার ফোন বন্ধ হয়ে গেলে যোগাযোগ, বিনোদন কিংবা প্রয়োজনীয় তথ্য- অনেককিছুই একসঙ্গে হাতের মুঠোর বাইরে চলে যায়।
তাই ভ্রমণের সময় ফোন সচল রাখা জরুরি কাজ হয়ে উঠে।
ট্যাভেল সার্ভিস প্রতিষ্ঠান ‘নট এইট’-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনির মতে, “ভ্রমণে ফোনের চার্জ ধরে রাখা খুব কঠিন কিছু নয়। বরং কয়েকটি সহজ প্রস্তুতি থাকলেই পুরো যাত্রাপথে ফোন সচল রাখা সম্ভব।”
তিনি মনে করেন, “অপ্রয়োজনীয় অনেক কিছু বহন না করে বরং কিছু কার্যকর জিনিস সঙ্গে রাখাই যথেষ্ট।”
যে কারণে ভ্রমণে চার্জ দ্রুত শেষ হয়
ভ্রমণের সময় ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন- দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহার, ছবি তোলা, পথনির্দেশ খোঁজা কিংবা ভিডিও দেখা ফোনের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।
এছাড়া বিমানবন্দর বা স্টেশনে চার্জ দেওয়ার সুযোগ সবসময় পাওয়াও যায় না।
এমন হলে ভ্রমণের মাঝেই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে যখন জরুরি যোগাযোগের প্রয়োজন হয়, তখন ফোন বন্ধ হয়ে যাওয়া বড় সমস্যাও তৈরি করতে পারে।
বহুমুখী চার্জিং তারের গুরুত্ব
ভ্রমণের সময় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল- সঠিক তার খুঁজে না পাওয়া। একেক ‘ডিভাইসে’র জন্য একেক ধরনের তার প্রয়োজন হয়, যা বহন করাও বেশ ঝামেলার হতে পারে।
এই সমস্যার সহজ সমাধান হল- এমন একটি চার্জিং তার ব্যবহার করা, যা একাধিক ধরনের সংযোগে তৈরি হয়। এতে একটি তার দিয়েই বিভিন্ন ‘ডিভাইস’ চার্জ করা সম্ভব।
ফলে ব্যাগে অপ্রয়োজনীয় তারের সংখ্যা কমে যায় এবং যাত্রাও হয় সহজ।
শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের প্রয়োজনীয়তা
ভ্রমণের স্থান ও সময় বুঝে শক্তিশালী বহনযোগ্য ব্যাটারি বা পাওয়ার ব্যাংক রাখাও কিন্তু জরুরি। কারণ এই এক যন্ত্রে ফোনকে একাধিকবার পুরো চার্জ দেওয়া যায়। তাই দীর্ঘ যাত্রাপথেও চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।
এই ধরনের ব্যাটারির আরেকটি সুবিধা হল, এতে সাধারণত চার্জের পরিমাণ দেখানোর ব্যবস্থাও থাকে। ফলে কখন চার্জ শেষ হবে তা সহজেই বোঝা যায়।
এছাড়া অনেক ব্যাটারিতে নিজস্ব তারও যুক্ত থাকে, যা ব্যবহারকে আরও সহজ করে।
একসঙ্গে একাধিক ডিভাইস চার্জের সুবিধা
এখন ভ্রমণের সময়ে শুধু ফোনই নয়, বরং হেডফোন, ট্যাবলেট বা ল্যাপটপও অনেকে সঙ্গে রাখেন। তাই এমন চার্জার ব্যবহার করা সুবিধাজনক, যা একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারে।
বিশেষ করে বিমানবন্দর বা স্টেশনে চার্জ দেওয়ার জায়গা সীমিত থাকলে, একটি মাল্টিপোর্ট চার্জার অনেকটাই কাজে আসে। এতে কম সময়ে অনেকগুলো ডিভাইস চার্জ করা সম্ভব হয়।
প্রয়োজনীয় তারযুক্ত চার্জার
প্রয়োজনের সময় সঠিক তারটি খুঁজে পাওয়া না গেলে ভ্রমণে এমন চার্জার ব্যবহার করতে হবে, যার মধ্যে প্রয়োজনীয় তার আগে থেকেই যুক্ত থাকে।
এতে আলাদা করে তার বহন করার প্রয়োজন হয় না এবং ব্যবহারও সহজ হয়ে যায়। ভ্রমণের সময় এই ধরনের চার্জার বিশেষভাবে কার্যকর।
অতিরিক্ত ব্যাটারি রাখার কৌশল
ভ্রমণের সময় একটি নয়, বরং একাধিক ব্যাটারি রাখা আরও নিরাপদ। এতে একটি ব্যবহার করার সময় অন্যটি চার্জ দেওয়া যায়। আবার প্রয়োজন হলে অন্য কাউকেও সাহায্য করা যায়।
এই কৌশল বিশেষ করে দীর্ঘ ভ্রমণে খুবই উপকারী। এতে যাত্রাপথে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
প্রযুক্তি সামগ্রী গুছিয়ে রাখার গুরুত্ব
ভ্রমণের সময় চার্জার, তার ও অন্যান্য প্রযুক্তি সামগ্রী গুছিয়ে রাখা গুরুত্বপূর্ণ। এলোমেলোভাবে ব্যাগে রাখলে প্রয়োজনের সময় এগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
“ভ্রমণে একটি নির্দিষ্ট ব্যাগ বা অর্গানাইজার ব্যবহার করা যেতে পারে। এতে সবকিছু এক জায়গায় থাকে এবং সহজেই ব্যবহার করা যায়। আবার জিনিসপত্র নিরাপদও থাকে” বলেন মামুন রনি।
মানসিক স্বস্তি ও নিরাপত্তা
ফোন সচল থাকলে শুধু যোগাযোগই সহজ হয় না, বরং মানসিক স্বস্তিও পাওয়া যায়। জরুরি পরিস্থিতিতে সাহায্য চাওয়া, পথ খোঁজা বা প্রয়োজনীয় তথ্য পাওয়া সবকিছুই তখন সহজ হয়।
ওপরের পরামর্শগুলো দিয়ে ভ্রমণ ট্রেনার মামুন রনি আরও বলেন, “ভ্রমণের সময় প্রযুক্তিকে বোঝা না মনে করে বরং সঠিকভাবে ব্যবহার করা উচিত। এতে যাত্রা স্বস্তিদায়ক হয় এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে।”
আরও পড়ুন
ফোন মুক্ত শোবার ঘর করলে যেসব উপকার মিলবে
ফোনের নীল আলো নয়, ঘুম নষ্টের বড় কারণ আধুনিক জীবন
রাতে ফোন চার্জে দিয়ে ঘুমাচ্ছেন? এজন্য হয়ত কমছে ব্যাটারির আয়ু