ম্যাশড পটেটো আরও মজাদার করতে
দেশীয় আলু ভর্তার মতো নয়, বরং পাশ্চাত্য ঘরানার স্বাদ আনতে ম্যাশড পটেটোতে মেশাতে হয় নানান উপাদান।
কোন উৎসবে বা অতিথি আপ্যায়নে অনেকেই মূল খাবারের সাথে পার্শ্ব খাবারও তৈরি করতে পছন্দ করেন। কারণ ভোজনে মূল খাবারের সঙ্গে মিলিয়ে এই ধরনের খাবারও সমান গুরুত্বপূর্ণ।
আর এর মধ্যে ‘ম্যাশড পটেটো’ হল অন্যতম। এটি শুধুমাত্র একটি সাধারণ সাইড ডিশ নয়, বরং সঠিকভাবে প্রস্তুত করলে পুরো খাবারের অভিজ্ঞতাকে মূখরোচক করতে পারে।
আলু ভর্তা করে বাঙালিরা যে পদ তৈরি করে, তার থেকে একটু ভিন্ন এই পাশ্চাত্যের খাবার। কারণ ‘ম্যাশড পটেটো’ তৈরিতে আরও ব্যবহার করা হয় দুধ, মাখন-সহ নানান উপাদান।
কিছু ছোট পরিবর্তন একেবারে সাধারণ ম্যাশড পটেটো-ও খাবার টেবিলের প্রধান আকর্ষণে পরিণত করতে পারে।
রোস্টেড গার্লিক এবং কালো মরিচ
মার্কিন শেফ রিচার্ড টেম্পলস ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “রোস্টেড গার্লিক বা রসুন এবং কালো মরিচ দিয়ে ম্যাশড পটেটোকে সহজেই মজাদার করা যায়।”
খুব অল্প আঁচে রোস্ট করা রসুন ম্যাশড পটেটোতে মিষ্টি এবং সুগন্ধযুক্ত স্বাদ যোগ করে। এ উপাদান ক্রিমের সঙ্গে মিশে মসৃণ এবং দারুণ স্বাদ দেয়।
অন্যদিকে কালো মরিচের সামান্য ঝাল স্বাদ পুরো খাবারেই আনে আলাদা মাত্রা।
কারণ রোস্ট করা রসুন ব্যবহার করা স্বাভাবিকভাবে মিষ্টি স্বাদ তৈরি হয়, যা মরিচের সঙ্গে সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখে।
ম্যাশড পটেটোতে রোস্টেড গার্লিক এবং গরম ক্রিম মিশিয়ে পরিবেশন করলে ঘ্রাণ এবং স্বাদের সমন্বয় বিশেষ হয়ে ওঠে।
ক্রেম ফ্রেশ যুক্ত হালকা ম্যাশড পটেটো
ক্রেম ফ্রেশ ব্যবহার করলে ম্যাশড পটেটোকে হালকা, মসৃণ এবং স্বাদে আরও সমৃদ্ধ করে।
শেফ রিচার্ড টেম্পলস বলেন, “ক্রেম ফ্রেশের টক স্বাদ আলুতে মাখনের তীব্রতা কমিয়ে দেয় এবং পুরো ডিশকে সতেজ, স্বচ্ছ স্বাদ দেয়। এতে স্বাদ এবং টেক্সচারের বৈপরীত্যও তৈরি হয়, যা খাবারকে বিশেষ করে তোলে।”
ক্রেম ফ্রেশ মেশানোর পর সবুজ চিভস (ছোট সবুজ পাতা) যোগ করলে না শুধু স্বাদ বাড়ে, বরং রং ও দেখতেও আরও আকর্ষণীয় হয়।
ট্রাফল সল্ট এবং পারমেজান
রেস্তোরাঁর মতো স্বাদ আনতে ট্রাফল সল্ট এবং পারমেজান পনির ব্যবহার করা যায়। বিভিন্ন সুপার শপে এই ভিন্নধর্মী উপাদান পাওয়া যাবে।
শেফ রিচার্ড টেম্পলস বলেন, “ট্রাফল সল্ট খুব সামান্য ব্যবহার করলেই স্বাদে ব্যাপক প্রভাব ফেলে। এটি সাধারণ ম্যাশড পটেটোর সঙ্গে এক ধরনের বিশেষ এবং উচ্চমানের স্বাদ যোগ করে।”
এছাড়া পারমেজান পনির যোগ করলে ডিশে বাদামের মতো স্বাদ আসে।
এই শেফ আরও বলেন, “ট্রাফল সল্টের স্বাদ পুরো ডিশকে ভারসাম্যপূর্ণ করে এবং বেশি ব্যবহার করলে স্বাদ হারায় না। এটি ছোট একটি কৌশল, কিন্তু প্রভাব বড়।”
এই পদ্ধতিতে ঘরে তৈরি ম্যাশড পটেটো রেস্তোরাঁর মানের হয়ে ওঠে।
ক্রিসপি শ্যালট এবং হার্বস যুক্ত ম্যাশড পটেটো
ম্যাশড পটেটোতে ক্রাঞ্চ এবং সুগন্ধ আনতে ক্রিসপি শ্যালট এবং তাজা হার্বস ব্যবহার করা যায়। যেমন- পার্সলে বা থাইম।
এই উপাদানগুলো বিভিন্ন অনলাইন বা সুপার শপে বর্তমানে পাওয়া যায়।
ম্যাশড পটেটো অনেক নরম হওয়ায় টেক্সচারের বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। ক্রিসপি শ্যালটের টপিং- এতে কিছুটা মচমচে আমেজ দিতে পারে। আবার তাজা হার্বসের যোগ আরও একটি প্রাকৃতিক ও সতেজ স্বাদ দেয়।
আরও পড়ুন
