Published : 11 May 2025, 10:32 AM
নতুন মা হওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা। জীবনের ছন্দে আসে ব্যাপক পরিবর্তন। নিজের সময় কমে আসে, বিশ্রাম প্রায় বিলুপ্ত হয়।
এই সময়টাতে নতুন মায়েরা যেমন শিশুর জন্য ব্যস্ত থাকেন, তেমনি তার নিজের যত্নেরও বিশেষ প্রয়োজন হয়।
তাই নতুন মায়ের জন্য উপহার নির্বাচন করার সময় এমন কিছু বাছাই করা উচিত, যা তার দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে এবং তাকে সামান্য হলেও বিশ্রাম ও আনন্দ দেয়।
নতুন মায়ের জন্য যা হতে পারে উপহার
নতুন মায়েদের জন্য প্রয়োজনীয়তা ও আরাম দুই মিলিয়েই উপহার দিলে সব থেকে ভালো। যেমন- রান্নার চাপ কমাতে খাবার সরবরাহ সেবা বা দ্রুত রান্নার উপকরণ অত্যন্ত উপযোগী হতে পারে।
আবার ক্লান্ত মায়ের জন্য সুগন্ধি বাথ লোশন বা বাথ সল্ট সেটাও হতে পারে চমৎকার উপহার- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন কেনাকাটা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ ও লেখক জেইমি ফিশার।
কম বাজেটে উপহার
সীমিত বাজেট থাকলে নতুন মাকে দেওয়া যেতে পারে- একটি ‘পোর্টেবল সাউন্ড মেশিন’ বা ঘুমের জন্য নির্মল শব্দ তৈরি করে এমন একটি ছোট যন্ত্র। যা নতুন মায়ের ঘুমকে আরও গভীর করতে সাহায্য করবে।
এছাড়া দেওয়া যায় ভেষজ স্নান উপকরণ। যেগুলো প্রসবের পরে শরীরের ব্যথা প্রশমনে সহায়ক।
‘শিশুকে চিঠি’ লেখা যায় এমন একটি স্মারক বই দেওয়া যায়। যেখানে মা তার অনুভূতি ও গল্প লিখে রাখতে পারেন।
শিশুর প্রথম বছরের বিশেষ মুহূর্তগুলো সংরক্ষণের জন্য একটি মেমোরি অ্যালবামও ভালো উপহার। এই ধরনের উপহার শুধু মুহূর্তের আনন্দ দেয় না, দীর্ঘদিনের জন্য স্মৃতির খাতাও তৈরি করে।
একটু বড় মাপের উপহার
বাজেট কিছুটা বেশি থাকলে নতুন মায়ের আরামের জন্য গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া যেতে পারে। যেমন:
একটি নরম ও আরামদায়ক নাইটসুট সেট, যা রাতে শিশুকে দুধ খাওয়ানোর সময় মায়ের আরাম নিশ্চিত করবে। সামনে বোতাম থাকা পোশাক নতুন মায়ের জন্য অত্যন্ত ব্যবহারিক।
বহনযোগ্য সাউন্ড মেশিন দেওয়া যায়। যা শিশুর ঘুমানোর সময় হালকা শব্দ করে। একইসঙ্গে এটি নাইটলাইট এবং বেবি মনিটর হিসেবেও কাজ করে।
কোমল কাভারের ‘বুক পিলো’ উপকারী উপহার। যা দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর জন্য আরামদায়ক অবস্থান নিশ্চিত করবে।
একটু ব্যয়বহুল বিশেষ উপহার
নতুন মাকে একটু বেশি বিশেষ অনুভব করাতে চাইলে কিছু ব্যতিক্রমী উপহার দেওয়া যায়। যেমন:
ইলেকট্রিক ফুট মাসাজার। যা দিনশেষে ক্লান্ত পায়ে প্রশান্তি দেবে নতুন মাকে।
এছাড়া একটি আধুনিক মগ, যা চা বা কফিকে দীর্ঘক্ষণ গরম রাখে এমন উপহার বিশেষ হবে। এতে মায়েরা একটু বিরতি নেওয়ার সময় তার পছন্দের পানীয়টি উষ্ণই পাবেন।
একটি আরামদায়ক সোফা কম্বল, যা রাত জেগে শিশুর দেখাশোনার সময় তাকে উষ্ণতা দেবে।
সিল্কের বালিশের কাভার, যা মায়ের ত্বক ও চুলের জন্য কোমল হবে। এমন চিন্তা থেকেও মা দিবসে নতুন মাকে এই উপহারগুলো দেওয়া যায়।
নতুন মাকে কীভাবে আদর আর যত্ন দেখানো যায়?
যুক্তরাষ্ট্রের শিশু পণ্য ও মাতৃত্বকালীন পণ্য বিষয়ক বিশেষজ্ঞ ক্যারেন রেয়ারডাঞ্জের মতে, নতুন মায়েরা আগে যেসব জিনিস উপভোগ করতেন, এখন সেইসব কিছুতে অংশ নিতে পারেন না সহজে।
তাই তাদের পুরনো আগ্রহগুলোকে মাথায় রেখে সহজে ব্যবহারযোগ্য উপহার নির্বাচন করা উচিত।
যেমন, আগে যদি তিনি স্পা পছন্দ করতেন তাহলে তাকে বাড়িতে ব্যবহারের জন্য ফেইস মাস্ক বা ফেইস রোলার উপহার দেওয়া যেতে পারে।
অথবা গর্ভাবস্থায় যদি নরম পনির-ভিত্তিক খাবার ত্যাগ করতে হত, এখন তার জন্য একটি বিশেষ ‘চিজ প্লেট’ উপহার দিন। এমনকি তার পছন্দের শহরের খাবার ডেলিভারি করিয়েও তাকে আনন্দিত করা যেতে পারে।
শুধুই শিশুর জন্য উপহার দেবেন?
এই বিশেষজ্ঞ বলেন, নতুন মাকে শুধু শিশুর জন্য উপহার না দিয়ে তার নিজের জন্য কিছু দেওয়া উচিত।
তবে তিনি যদি নির্দিষ্ট করে শিশুর কোনো প্রয়োজনীয়তার কথা জানান, তাহলে সেটা বিবেচনা করা যেতে পারে।
আসলে মায়ের নিজের আরাম, মন ভালো করা বা তার সত্তা উদযাপন করার জন্যই উপহার নির্বাচন করা সবচেয়ে ভালো।
আরও পড়ুন