Published : 14 May 2026, 10:54 AM
শান্ত দিঘির জল। সেখানে মা হাঁসের পেছনে একঝাঁক তুলতুলে ছানা টলমল করে এগিয়ে চলেছে, ঠিক যেন সুশৃঙ্খল প্যারেড!
আমরা যখনই দেখি, দেখি তারা মায়ের পেছনে এক সারিতেই আছে। কখনো কি ভেবে দেখেছেন, এই শৃঙ্খলার রহস্যটা কী? কেন তারা সারাক্ষণ এভাবে লাইন বেঁধে চলে?
প্রথম দেখায় মনে হতে পারে, মা হারিয়ে যাওয়ার ভয়ে হয়তো তারা পিছু পিছু ছুটছে। কিন্তু পদার্থবিজ্ঞান বলছে অন্য কথা। এর পেছনে লুকিয়ে আছে শক্তির এক দারুণ সাশ্রয়ী অঙ্ক আর প্রকৃতিপ্রদত্ত এক ‘জাদুর কৌশল’।
ছোট্ট সেই পা দুটো দিয়ে জল ঠেলে সামনে এগিয়ে যাওয়া হাঁসের ছানাদের জন্য মোটেও সহজ কাজ নয়। একা সাঁতার কাটতে গেলে জলের বাধা বা ‘ওয়েভ ড্র্যাগ’ তাদের গতিরোধ করে।
কিন্তু স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝিমিং ইউয়ান কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন, মা হাঁস যখন জলে ভাসে, তখন তার চলার পথে বিশেষ এক ধরনের ঢেউ তৈরি হয়।
এই ঢেউ অনেকটা স্লাইডের মতো কাজ করে। মা হাঁসের ঠিক পেছনের নির্দিষ্ট জায়গাগুলোতে যদি ছানারা থাকতে পারে, তবে জলের বাধা তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, লাইনে থাকা ছানারা একা সাঁতার কাটার চেয়ে প্রায় ১৫৮ শতাংশ কম বাধার সম্মুখীন হয়।
সহজ করে বললে, ছানাদের তখন আর কষ্ট করে সাঁতার কাটতে হয় না; বরং মায়ের তৈরি করা ঢেউয়ের ধাক্কাই তাদের সামনের দিকে অনায়াসে ঠেলে নিয়ে যায়। একেই বিজ্ঞানীরা বলছেন ‘ওয়েভ রাইডিং’।
মজার ব্যাপার হলো, এই সুবিধাটা কেবল লাইনের প্রথম ছানাটিই পায় এমন নয়। প্রকৃতির নিয়মটা এখানে দারুণ সমবায়ের। প্রথম ছানাটি মায়ের থেকে যে ঢেউ পায়, সেটি সে নিজের ভেতর দিয়ে প্রবাহিত করে পেছনের ভাই-বোনের কাছে পাঠিয়ে দেয়। একে বলে ‘ওয়েভ পাসিং’।
এভাবে পুরো সারির প্রতিটি ছানাই বিনা পরিশ্রমে বা অতি অল্প শক্তিতে মাইলের পর মাইল পাড়ি দিতে পারে। দলছুট হলেই বিপদ!
তবে এই আরামের কঠিন এক শর্ত আছে। মায়ের ঠিক পেছনে নির্দিষ্ট অবস্থানে থাকলেই কেবল এ সুবিধা মিলবে। যদি কোনো ছানা অলসতা করে পিছিয়ে পড়ে কিংবা লাইন থেকে একটু ডানে-বামে সরে যায়, তবেই বিপদ!
তখন জলের পুরো বাধাটা তার ছোট্ট শরীরে এসে লাগে। ফলে তাকে দ্বিগুণ শক্তিতে পা চালিয়ে দলের কাছে ফিরতে হয়। প্রকৃতি যেন তাদের ছোটবেলা থেকেই শিখিয়ে দেয়, “দলে থাকলে আরাম, দলছুট হলেই কষ্ট।”
ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘গেট ইয়োর ডাকস অ্যা রো’, অর্থ হলো নিজের কাজগুলোকে গুছিয়ে নেওয়া। হাঁসের ছানাদের এ শোভাযাত্রায় কেবল সৌন্দর্য নয়, বরং লুকিয়ে আছে টিকে থাকার লড়াই আর বিজ্ঞানের অনন্য সমন্বয়।
সূত্র: সায়েন্সনিউজ