আহমাদ স্বাধীনের কিশোর থ্রিলার ‘অ্যাডভেঞ্চার অভ দার্জিলিং’
ঝাঁকে ঝাঁকে জোনাক পোকা দখল করে নিয়েছে গোটা পথ ও পথের ধারের বনাঞ্চল। আমরা ডেড রোড পেরোচ্ছি।
আমরা এগোচ্ছি অবাক আলো-আঁধারির এর রহস্যময় পরিবেশের মধ্য দিয়ে। একপাশে ছায়ার মতো সারি সারি পাইন, সেগুন, পিপুল গাছ দাঁড়িয়ে আছে। অন্যপাশে পাহাড়ি খাদ। যেখান থেকে গাড়ি গড়িয়ে পড়লে কয়েক হাজার ফুট নিচে পড়বো আমরা।
আমার অবশ্য সেসব নিয়ে এখন আর ভয় করছে না। আমি ভাবছি অশরীরী নিয়ে। আমাদের ঘিরে ঝিঁঝিঁ পোকার ডাক শুনকে পাচ্ছি। আর অভূতপূর্ব সুন্দর যেই দৃশ্য, সেটা হচ্ছে জোনাকির ঝাঁক। ঝাঁকে ঝাঁকে জোনাক পোকা দখল করে নিয়েছে গোটা পথ ও পথের ধারের বনাঞ্চল। আমরা ডেড রোড পেরোচ্ছি।
ডাউন হিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাকে ডেথ রোড বা মৃত্যু সড়ক বলা হয়। এই রাস্তায় প্রায়ই চলাচল করেন বহু কাঠুরে। জঙ্গলের ধারের এই রাস্তাতেই অনেকে বহু ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন। অনেক কাঠুরে দেখতে পেয়েছেন মস্তকবিহীন এক বাচ্চা ছেলেকে, যে রাস্তার মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুধু এক আধবার নয়, একাধিকবার দেখা গিয়েছে এই দৃশ্য।
অনেকে কার্শিয়াং-এর এই জঙ্গলের রাস্তার ধারে দেখেছেন এক ধূসরকেশী বৃদ্ধাকে। কিন্তু পরক্ষণে সেই বৃদ্ধা কোথায় গিয়েছেন তার আর খোঁজ পাওয়া যায়নি। আমাদের ড্রাইভারকে এই কথা জিজ্ঞেস করায় প্রথমে বললো, ‘ইয়েসব কুচ নেহি হ্যায়। লোগনে ঝুট বাতায়া।’ আমি তাকে কিছুটা অনুরোধের ভঙ্গিতে জিজ্ঞেস করলে মধ্যবয়স্ক ড্রাইভার আমার দিকে স্নেহের দৃষ্টিতে চাইলেন।
আমি সাধারণত গাড়ির সামনের সিটের দখল নিই সবসময়। তাই ড্রাইভারের সঙ্গে সারাক্ষণ নানা বিষয়ে কথা হয়, নানা তথ্য জানা হয়। ড্রাইভার সাহেব এবার কিছুটা ভয়ার্ত চোখে বললেন, ‘ইয়ে কাহানি সাব ঝুট হ্যায়।’ এমনই রহস্যে ঘেরা উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অভ দার্জিলিং’।
শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীনের লেখা এ বইটি গত বইমেলায় তার প্রকাশিত ‘অ্যাডভেঞ্চার অভ সুন্দরবন’ কিশোর রহস্য উপন্যাসের সিরিজ। শিশু-কিশোরদের যে রহস্যের প্রতি টান ও ভ্রমণের প্রতি আকর্ষণ, লেখক সেই বিষয়টাকেই উপজীব্য করে লিখছেন তার অ্যাডভেঞ্চার সিরিজ।
আহমাদ স্বাধীন শিশুকিশোরদের জন্য লিখছেন বহু বছর। আগে প্রকাশিত তার লেখা বইগুলো হলো- ‘মেঘের দেশের রাজকন্যা’, ‘পুতুল হলো পরি’, ‘এক যে ছিলো ড্রাগন রাজা’ ও ‘একঝাঁক জোনাকি’ ইত্যাদি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতে ভালোবাসেন। আর তার গল্পের ভেতর দিয়ে শিশুকিশোরদের বিভিন্ন স্থানের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ‘অ্যাডভেঞ্চার অভ দার্জিলিং’ বইটিকেও একইসাথে রহস্য, ভৌতিক ও ভ্রমণ উপন্যাস বলা যায়।
‘প্রতিভা প্রকাশ’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩০০ টাকা, পাওয়া যাবে বইমেলার ২০৯-২১১ নাম্বার স্টলে।
