Published : 04 Dec 2025, 09:36 PM
শীতের সময়টা সাধারণত আমি গ্রামের বাড়ি রাজশাহীতে কাটাই। তবে এবার ঢাকাতেই থাকতে হচ্ছে। শহরের তুলনায় শীত বেশি পড়ে বলে গ্রামেই আমার বেশি ভালো লাগে।
আমি দশম শ্রেণির শিক্ষার্থী। সামনে প্রস্তুতিমূলক পরীক্ষা আছে বলে অন্য বছরের চেয়ে এবার আমার পড়ার চাপ বেশি। তাই গ্রামীণ শীতের আবহ এবার আর ছুঁয়ে দেখা হবে না।
ভেবে দেখলাম ঢাকায় শীত কাটালেও মন্দ হয় না। এখানকার শীতকাল তুলনামূলক আরামদায়কও বটে। কারণ ঠান্ডার তীব্রতা কম থাকে।
তাছাড়া আমাদের বাসার নিচে কিছুটা খোলা জায়গা আছে। সেখানে বাবা আর আমি বিকেলে ব্যাডমিন্টন খেলি। হিমেল হাওয়ার মাঝে ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে।
আমি সব ধরনের খেলাই পছন্দ করি। বিশেষ করে ক্রিকেট। শীত এলেই টিভিতে নানা টুর্নামেন্ট দেখি।
এ বছর ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ক্রিকেট সিরিজ হবে। পাশাপাশি বিপিএলও থাকবে। পড়ার মাঝে একটু সময় বের করে এসব ম্যাচ দেখলে মনটা নিশ্চয় ফুরফুরে হয়ে যাবে।
শীতের আরেক আনন্দ থাকে বাসায়। মা ভাপা পিঠা আর রসের পিঠা বানায়। ঘরজুড়ে পিঠার মিষ্টি সুভাস ছড়িয়ে পড়লেই শীতের আসল অনুভূতি পাওয়া যায়। গরম পিঠা খেতে খেতে শীতের দুপুর আর রাত যেন উষ্ণ হয়ে ওঠে।
এ বছরের শীত ঘরোয়াভাবে কাটবে। যদিও গ্রামের বাড়ির কথা মনে পড়বে, কিন্তু কিছু করার নেই বলে তা মেনে নিয়েছি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।