Published : 22 Jul 2026, 01:52 AM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) কলেজ অব নার্সিংয়ের নবীন শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্বালন ও পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে তাদের নার্সিং পেশায় যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু।
তিনি বলেন, “নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান অঙ্গীকার। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সহমর্মিতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নার্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।”
বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি বলেন, “একজন দক্ষ নার্স রোগীর চিকিৎসা ও সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।”
আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, একটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সের ভূমিকা অপরিসীম।
তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ববোধ ধারণ করে দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, “নার্সিং এমন একটি মহৎ পেশা, যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবন রক্ষা করা হয়। একজন নার্সের সহমর্মী সেবা একজন রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পেশাগত নৈতিকতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার শীর্ষক প্রতীকী ছায়ানাট্যে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবা, আত্মত্যাগ ও পেশাগত আদর্শ তুলে ধরা হয়।
এরপর নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা ও সর্বোচ্চ পেশাগত মান বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।