Published : 22 Jul 2026, 01:55 AM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিএনসিসির পাঁচ দিনের ফার্স্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে ও বিশ্ববিদ্যালয় বিএনসিসির সহায়তায় সম্প্রতি এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে বিএনসিসির রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিশ্ববিদ্যালয়টি।
এর মধ্যে ১০ জন বিমান শাখা এবং ১০ জন নৌ শাখার ক্যাডেট অন্তর্ভুক্ত ছিলেন।
জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার দক্ষতা অর্জনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং বিএনসিসির রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মুহাম্মদ আব্দুস সালাম।
পাঁচ দিনের নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা প্রদান, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, আগুনে দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর এবং দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।