Published : 16 Dec 2025, 12:44 PM
বিজয় দিবস আমার কাছে শুধু একটি বিশেষ দিন নয়। এই দিনটি আমাকে গর্ব, কৃতজ্ঞতা আর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
লাল-সবুজ পতাকা দেখলেই মনে হয় এই দেশটা এমনিতেই পাওয়া নয়। এর পেছনে আছে অসংখ্য মানুষের ত্যাগ। যা আমাদের আজকের পথচলাকে সম্ভব করেছে।
আমি যুদ্ধ দেখিনি। সেই সময়ের ভয়, অনিশ্চয়তা কিংবা অভাব নিজের চোখে অনুভব করিনি। তবুও বিজয় দিবস এলেই মনে হয়, যারা জীবন দিয়ে আমাদের স্বাধীন দেশ এনে দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর দায় রয়েছে।
তাদের ত্যাগের কারণেই আজ আমি নিজের ভাষায় কথা বলতে পারছি, নিজের পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
বিজয় দিবস আমাকে স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝায়। স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল ভাঙা নয়, স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পাশে থাকা এবং দেশের জন্য সৎভাবে কাজ করার সাহস রাখা। এই দিনটি আমাকে ভালো মানুষ হওয়ার কথা শেখায়, দায়িত্বশীল নাগরিক হতে অনুপ্রাণিত করে।
একজন শিশু হিসেবে বিজয় দিবস আমাকে স্বপ্ন দেখতে শেখায়। আমি চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই নিরাপদে থাকবে, শিশুদের অধিকার নিশ্চিত হবে, কেউ অবহেলিত হবে না। বিজয়ের চেতনা যদি শুধু স্মৃতিতে নয়, প্রতিদিনের কাজে প্রকাশ পায়, তবেই তার প্রকৃত সার্থকতা।
বিজয় দিবস আমার কাছে অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকার। এই দিনে আমি নিজের মনে একটাই কথা বলি যে, এই দেশকে ভালোবাসব, দেশের জন্য সৎভাবে কাজ করব এবং বিজয়ের মর্যাদা সবসময় ধরে রাখব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।