Published : 18 Dec 2025, 09:45 PM
আমরা বেকারত্ব শতভাগ দূর করতে পারিনি। আমি মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের চাহিদার মিল না থাকায় এই সংকট তৈরি হচ্ছে।
এই যেমন আমাদের শিক্ষাপদ্ধতি এখনও অনেকটাই পরীক্ষা ভিত্তিক। ভালো ফল করার দিকেই বেশি জোর দেওয়া হয়, কিন্তু কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয় কম।
শুধু বই মুখস্থ করে ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। শিক্ষার সঙ্গে ব্যবহারিক জ্ঞান যুক্ত করাও প্রয়োজন বলে আমি মনে করি।
আমি চাই শিক্ষার্থীরা যেন কম বয়স থেকেই হাতে-কলমে শেখার সুযোগ পায়। স্কুল পর্যায় থেকেই প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের মত বিষয় শেখা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে পারবে।
পাশাপাশি কর্মমুখী শিক্ষার গুরুত্ব আরও বাড়াতে হবে। সবাইকে চিকিৎসক বা প্রকৌশলী হতে হবে এমন নয়। দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ বা উদ্যোক্তা হয়েও সমাজে ভালো ভূমিকা রাখা যায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সঙ্গে ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা দরকার। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। চাকরির বাজারে ঢোকার সময় তখন তারা পিছিয়ে পড়বে না।
বেকারত্ব দূর করতে শুধু চাকরি সৃষ্টি করলেই হবে না, শিক্ষাকে সময়োপযোগী করতে হবে। শিক্ষা যদি বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হয়, তাহলে শিক্ষার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। তখনই একটি শক্তিশালী ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।