২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ

স্কুল শিক্ষক বাবার সন্তান শরীফা ছিলেন দুই ভাইবোনের মধ্যে বড়।

ডেঙ্গু কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ

ডা. শরীফা বিনতে আজিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 09:16 AM

Updated : 11 Aug 2023, 09:19 AM

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় আরও এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

২৭ বছর বয়সী শরীফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. শরীফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আমাদের এখানে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে গতকাল আমাদের এখানে আনা হয়।

“আমরা তার জন্য আইসিইউর ব্যবস্থা করে দিই। কিন্তু আনার সময়ই তার অবস্থা খারাপ ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, ভোরে মারা গেছেন।”

রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন শরীফা বিনতে আজিজ। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়।

শরীফার মামা আবিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ অগাস্ট জ্বর আসে তার ভাগ্নির।

“ডেঙ্গু ধরা পড়লে ও ছুটিতে চলে যায়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।”

স্কুল শিক্ষক বাবার সন্তান শরীফা ছিলেন দুই ভাইবোনের মধ্যে বড়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার মামা।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু।