ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রোগী বেশি ঢাকার বাইরে, মৃত্যু ঢাকায়
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১২৭ জন রোগী ভর্তি আছেন।
মশাবাহিত এ রোগ নিয়ে গত এক দিনে আরও ২১১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এসময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ১ লাখ ৩৮ হাজার ২২ জন। তাদের মধ্যে ৬৭১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের ৮৩৩ জন ঢাকায় এবং ১২৮২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়াদের মধ্যে ১০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে এ সংখ্যা চারজন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১২৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৯৪৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫১৮১ জন। ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ার মধ্যে সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২১৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৭৮ জন। অগাস্টে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। মারা গিয়েছিলেন ৩৪২ জন। একক মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।
এর আগে ২০১৯ সালের অগাস্টে ৫২ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। একক মাসে এটাই ছিল সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা। এর আগে সারা বছরেও তিনশর বেশি মানুষের মৃত্যু হয়নি।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এর আগে এক বছরে সর্বোচ্চ ভর্তি ছিল। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
