ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, ভর্তি ১২ জন
সবমিলিয়ে এবছর এইডিসবাহিত রোগটিতে ২০ জনের মৃত্যু হয়েছে।
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে, এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন।
মৃতদের মধ্যে একজনের চিকিৎসা চলছিল ঢাকায়, আরেকজন ছিলেন বরগুনায়।
সবমিলিয়ে এবছর এইডিসবাহিত রোগটিতে ২০ জনের মৃত্যু হলো, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে চলতি মাসে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৫ রোগী ভর্তি হয়েছে, বাকি ৭ জন ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে।
এ নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৪ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৫২০ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে ৯৬৪ জন।
এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন বাকি ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চের প্রথম ১০ দিনে আক্রান্ত হয়েছেন ৯০ জন। মৃত্যু হয়েছে তিনজনের।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৩৫ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩০।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।
