ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু
এ বছর সবমিলিয়ে ১ হাজার ৬৭৮ জনের প্রাণ কাড়ল মশাবাহিত রোগটি।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ জন; এ সময়ে মৃত্যু হয়েছে দুজনের।
শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জনে, যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৭১০ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৩৩ জন ভর্তি হয়েছে, ঢাকায় এ সংখ্যা ৫৭। আর মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।
আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৩৯৭ জন। ঢাকা শহরের বাইরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ৯ হাজার ৪০৬ জন।
শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৭৪১ জন রোগী। তাদের মধ্যে ৫১২ জন ঢাকায় এবং ১ হাজার ২২৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৬৯১২।
মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ৫৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
