২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: মাসের হিসাবে হাসপাতালে ভর্তিতে রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু: মাসের হিসাবে হাসপাতালে ভর্তিতে রেকর্ড

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 05:36 PM

Updated : 11 Dec 2023, 05:36 PM

বাংলাদেশে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, দেশে মাসের হিসাবে এটা সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত অগাস্ট মাসে ৭১ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে।

এর আগে ২০১৯ সালের অগাস্ট মাসে দেশে ৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে, যা ছিল এতদিন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ সংখ্যা ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ৯৫৮ জনের মৃত্যু হল এই রোগে।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৭২৬ জন, এর প্রায় তিন গুণের বেশি রোগী ২২২৪ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৫৩৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৪২৯ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন; জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জনে।

জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন এবং অগাস্টে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসের ২৬ দিনে ৩৬৫ জন মারা গেছেন।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সে সময় মৃত্যু হয়েছিল ২৮১ জনের। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এর আগে এক বছরে সর্বোচ্চ ভর্তি ছিল। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)