ডেঙ্গুতে এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু
বছরজুড়ে এ রোগে প্রাণহানি হয়েছে মোট ৯৪৩ জনের।
চলতি মাস শেষ হওয়ার পাঁচ দিন বাকি থাকতেই দেশে এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ; সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৩৫০ জনের মৃত্যু হয়েছে। মাসের হিসাবে এর আগে সর্বোচ্চ ৩৪২ জন মারা গিয়েছিলেন অগাস্টে।
এদিকে টানা তৃতীয় দিনের মতো গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজারের বেশি রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১২৩ জন। এসময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তের এ পরিসংখ্যানসহ এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জনে। বছরজুড়ে এ রোগে প্রাণহানি হয়েছে মোট ৯৪৩ জনের।
দেশে একক বছরে ডেঙ্গুতে তিনশর বেশি মানুষের মৃত্যু হয়নি। এর আগে ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন মানুষ মারা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে। এ বছরের মাঝামাঝি থেকে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত একক মাসে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হলেও জুনে এ সংখ্যা দাঁড়ায় ৩৪ জন। পরের মাসে তা ছয়গুণের বেশি বেড়ে হয় ২০৪ জন। পরের দুই মাসে তা তিনশ ছাড়ায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৭৭৪ জন, এর প্রায় তিনগুণের বেশি রোগী ২৩৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৬২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৫৭৫ জন।
বছরের মাঝামাঝি থেকে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও আক্রান্ত বাড়ছে। জুনে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাইতে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন এবং অগাস্টে রেকর্ড ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৭৩ জন।
এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। ওই বছর মৃত্যু হয় ২৮১ জনের। এর আগে ২০১৯ সালে ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এর আগে এক বছরে সর্বোচ্চ ভর্তি ছিল। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
