মশা: চিরুনি অভিযানে নেমে এক দিনে ১৪৩ বাড়ি দেখল ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টাকে আপনারা ইতিবাচকভাবে দেখবেন। আজ এখানে মূলত অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। আমরা জনগণকে সচেতন করতে এই অভিযান চালাচ্ছি।”
ডেঙ্গুর জন্য অতিঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশা নিয়ন্ত্রণে রাখতে তিন দিনের চিরুনি অভিযানে নেমে প্রথম দিন সব মিলিয়ে ১৪৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করতে পেরেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় সব মিলিয়ে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে মালিকদের।
এইডিস মশা বংশবিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে। গত কয়েকদিন থেকে এইডিসবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই।
এর মধ্যেও জনগণ ‘সচেতন না হওয়ায়’ বাসাবাড়িতে বিভিন্নভাবে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করছে জানিয়ে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিন দিনের এ চিরুনি অভিযানের অংশ হিসেবে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকালে দক্ষিণ সিটির পাঁচটি অঞ্চলে অভিযানে নামে।
এর মধ্যে পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নেতৃত্বে সকাল ১০টায় অভিযান শুরু হয় ওয়ারীর বলধা গার্ডেন এলাকা থেকে। দলটি তিন ঘণ্টায় পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি বাড়িতে এইডিস মশার লার্ভা পায়। চার বাড়ি থেকে জরিমানা হিসেবে আদায় করা হয় ৮০ হাজার টাকা।
অবশ্য পরে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ নম্বর অঞ্চলে ওয়ারীর লারমিনি স্ট্রিটে ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে একটি দল দুই নম্বর অঞ্চলের দক্ষিণ মুগদা ও উত্তর মুগদা, কদমতলী ও সবুজবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে। এসময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তিন নম্বর অঞ্চলে অভিযান চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে। ২৩টি বাসাবাড়ি ও স্থাপনা ঘুরে একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত আরমানিটোলার ২০টি বাসাবাড়ি ও স্থাপনা ঘুরে দেখে। দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
এছাড়া নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক কাজলার পাড় এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান চালিয়ে পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পেয়ে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে যা দেখা গেল
পাঁচ নম্বর অঞ্চলে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ঘুরে অভিযান দেখার সুযোগ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের।
সকালে অভিযান শুরুর পর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সামনে পড়া নির্মাণাধীন ভবনের দিকেই কর্মকর্তাদের নজর ছিল। এর বাইরে কোনো ভবনে মশার লার্ভা আছে কি না সেটা দেখার চেষ্টা তাদের ছিল না।
শুরুতে ওয়ারীর একটি বাড়িতে প্রবেশ করে সেখানে কোনো লার্ভা না পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে ভ্রামমাণ আদালতের ১৩ সদস্যের দল। পরে ওয়ারীর টিপু সুলতান রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ে একটি নির্মাণাধীন বাড়ির সামনে পানির ট্যাংকে তারা এইডিস মশার প্রজনন ক্ষেত্র খুঁজে পায়।
সেখানে জরিমানার ২০ হাজার টাকা আদায় করতে সময় লাগে প্রায় পৌনে এক ঘণ্টা। এই পুরো সময় মশককর্মীরাসহ অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা ভবনটি সামনেই অবস্থান করেন।
এক বাড়িতে এত সময় ধরে অপেক্ষা করার বিষয়ে প্রশ্ন করলে অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরিমানার টাকা জোগাড় করতে তো সময় লাগে।”
এরপর পাশের লারমিনি স্ট্রিটে ২৫/৪ নম্বর বাড়িতে গিয়ে মশার লার্ভা পাওয়া যায়। ঘড়িতে তখন বেলা ১১টা ৫৫ মিনিট। এরপর জরিমানার ৩০ হাজার টাকা আদায় করতে প্রায় ৩৫ মিনিট অপেক্ষা করেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু ভবন মালিক উপস্থিত না থাকায় টাকা ছাড়াই সেখান থেকে তারা দুপুর সাড়ে ১২টার দিকে বের হন।
নির্মাণাধীন ভবনটির মালিক মনির হোসেন নামের এক ব্যক্তি। তিনি উপস্থিত না থাকায় নির্মাণশ্রমিক বাচ্চুকে সঙ্গে রাখেন অভিযানে থাকা আনসার সদস্যরা।
এসময় বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে আগে পানি ছিল না। গত কয়েক দিনের বৃষ্টিতে কিছুটা পানি জমেছে। আমি আজকেই বাড়ি থেকে আসছি, পানি সরিয়েছি।”
ওয়ারীর বলধা গার্ডেন থেকে শুরু করে টিপু সুলতান রোড হয়ে লারমিনি স্ট্রিটে এসে শেষ হয় এ অঞ্চলের অভিযান। তাতে বিশাল এলাকা চিরুনি অভিযানের বাইরেই থেকে যায়।
দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ এই অভিযানে একটি ওয়ার্ডে যত কর্মী রয়েছেন, তারা সবাই সকালে ও বিকেলে একসঙ্গে মশার ওষুধ ছিটাবেন। যেমন প্রতিটি ওয়ার্ডে সকালে ছয়জন ও বিকেলে সাতজন কর্মী কাজ করেন। চিরুনি অভিযানের সময় সকালে ১৩ জন ও বিকেলে ১৩ জন একসঙ্গে মশার ওষুধ ছিটাবেন।“
অবশ্য পাঁচ নম্বর অঞ্চলে অভিযান চালানোর সময় দেখা যায়, তিনজন মশককর্মী ফগার মেশিন নিয়ে কর্মকর্তাদের পেছন পেছন ঘুরছেন। শুধু সামনে পরা নির্মাণাধীন ভবনেই তারা পানিতে ওষুধ ছিটিয়েছেন।
ওষুধ শেষ হয়েছে কি না, জানতে চাইলে এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রোগ্রামের লগে লগে যামু না কি ওষুধ ছিটামু? স্যারগো লগে লগেই তো ঘুরছি। ওষুধ ছিটামু কেমনে?”
আরেক কর্মী তখন বলেন, “এক বাড়িতেই তো এক ঘণ্টা চইলা যায়, কাজ করুম কখন?”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, “তাদের তো ওষুধ ছিটাতে বলেছি।”
লক্ষ্য পূরণ হবে?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডকে মোট ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২৫টি ওয়ার্ডকে ডেঙ্গুর বাহক এইডিস মশার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিন দিনের চিরুনি অভিযানে এসব ওয়ার্ডেই যাবে ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণে আড়াই লাখের কিছুটা বেশি হোল্ডিং আছে। আজকে প্রথম দিনে ১৪৫টি হোল্ডিংয়ে অভিযান পরিচালিত হয়েছে। আমাদের ৭৫টি ওয়ার্ডকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে, আজকে প্রত্যেকটি অঞ্চলের একটি করে ওয়ার্ডে গেছে ভ্রাম্যমাণ আদালত।
এই গতিতে কাজ হলে বাকি দুই দিনে বাকি ২০টি ওয়ার্ড দেখা সম্ভব কি না, আর দিনে গড়ে দেড়শ বাড়ি পরিদর্শন করে আড়াই লাখ হোল্ডিংয়ের এই সিটিতে ‘চিরুনি অভিযান’ চালানো সম্ভব কি না, তা জানতে চেয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জবাবে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “বিষয়টাকে আপনারা ইতিবাচকভাবে দেখবেন। আজ এখানে মূলত অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। আমরা জনগণকে সচেতন করতে এ অভিযান চালাচ্ছি। আমরা আরও আগেই সতর্ক করেছি।
“এখানে পাঁচটি বাড়িতে অভিযানও ওই অঞ্চলের জন্য বিশাল, আমাদের এখানে সচেতন করাটাই বিষয়।”
