২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এক দিনে সর্বোচ্চ ৩১২২ রোগী ভর্তি

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 04:58 PM

Updated : 27 Jan 2024, 04:58 PM

ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে দেশে এ রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে ৩১২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এসময়ে এইডিস মশাবাহিত এ রোগে মৃত্যুও বেড়ে হয়েছে ১৮ জন। এর আগে গত ১০ সেপ্টেম্বর এক দিনে ২৯৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা ছিল একদিনের সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় আরও প্রাণহানি নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৮৪৯ জন এবং এর প্রায় তিনগুণ রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৭৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ৪৩৭ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৪০৬৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৩৭১ জন।

হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এ সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। কেননা এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এ বছর এখন পর্যন্ত এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসক ও গবেষকরা বলছেন, এ বছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। এ রোগে আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)