প্রস্টেট ক্যানসার শনাক্তে রোবোটিকস বিষয়ে মতবিনিময়
অনকোলজি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি ঢাকায় ‘প্রস্টেট ক্যানসারে রোবোটিকসের ব্যবহার’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যানসার শনাক্তে রোবোটিকসের ব্যবহার বিষয়ে বাংলাদেশের চিকিৎসক এবং স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেছে ভারতের নারায়ণা হেলথ, এনএইচ।
অনকোলজি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি ঢাকায় ‘প্রস্টেট ক্যানসারে রোবোটিকসের ব্যবহার’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের হাওড়ায় নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ইউরো-অনকোলজিস্ট ডা. আনন্দ বিয়ানি।
প্রোস্টেট ক্যানসারের সর্বোচ্চ পর্যায়েও রোবোটিক সার্জারি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ বিষয়ে রেফারেন্স কেস স্ট্যাডি উপস্থাপন করেন তিনি।
আনন্দ বিয়ানি বলেন, প্রোস্টেট ক্যানসারসহ নানা চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত নারায়ণার হাসপাতালে বাংলাদেশ থেকে প্রচুর রোগী আসেন।
“এজন্য স্থানীয় ডাক্তারদের সক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য। এতে করে তারা দেশের ভেতর প্রোস্টেট ক্যানসার নির্ণয়ের ক্ষেত্রে যে শুধু সফলতা অর্জন করবেন কেবল তাই নয়, বরং সঠিক সময়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের স্বার্থে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারবেন।”
সেমিনারে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান রাকিব উদ্দিন আহমেদ, মিটফোর্ড মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান স্বপন বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা অধিকারী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক জাফর মো. মাসুদসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
