ভাতা বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের
দাবি আদায়ে গত শনিবার থেকে তারা কর্মবিরতিতে আছেন।
ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কর্মবিরতিতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাদের তিনজনের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি দেয়।
এই দলে থাকা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢোকার আগে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তাদের দাবি নিয়ে ভেতরে যাচ্ছেন।
“প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তার সাথে কথা বলেই ভেতরে যাচ্ছি। তার সাথে দেখা করে আমাদের লিখিত দাবিনামা হস্তান্তর করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করে দ্রুত দবি পূরণের অনুরোধ জানাব।”
প্রতিনিধি দলে জাবির ছাড়াও ডা. ফরহাদ এবং ডা. ইমরান শিকদার ছিলেন।
পরে সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইমরান শিকদার বলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মনিরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হয়েছে।
“উনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে চেয়েছেন। তার আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগে মঙ্গলবার যে অবস্থান কর্মসূচি ঘোষিত ছিল তা স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
ভাতা বাড়ানোর পাশাপাশি ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি পালন করছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। পরের দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশনও পালন করে।
এর আগে গত মাসে একই দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।
