ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ৫৯ রোগী
সব মিলিয়ে এ বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪ জন।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি এই সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৮ জন ঢাকার, আর ৪১ ঢাকার বাইরের।
সব মিলিয়ে এ বছরের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাকি ৩৪২ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।
নতুন বছরের প্রথম ১০ দিনে চার জনের প্রাণ কেড়েছে এইডিস মশাবাহিত রোগটি।
বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩৬৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৮৫ জন ঢাকায় এবং ১৮১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১ জন।
গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
