২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপায়ী বাবা-মা’র সন্তানেরও ধূমপানের ঝুঁকি বেশি

যেসব শিশুর বাবা-মা ধূমপান করে তাদের ক্ষেত্রে অধূমপায়ী বাবা-মা’র সন্তানদের তুলনায় ১৩ থেকে ২১ বছর বয়সের মধ্যেই ধূমপান শুরু করা বা নিকোটিনের ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি অনেক বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

ধুমপায়ী হয়ে ওঠার পেছনে পরিবারের প্রভাব কতটা সে বিষয়ে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ল হিল বলেন, সিগারেট নিয়ে বাবা-মা’র মনোভাব নয় বরং তাদের আচরণ সন্তানের ধূমপায়ী হওয়া বা না হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে।

শিশুদের ধুমপায়ী হয়ে ওঠা বা না ওঠার পেছনে পরিবারের নজরদারি ও অনুশাসন, পারিবারিক বন্ধন বা দৃঢ় মানসিক বন্ধন এবং বাবা-মা তাদের ধুমপান সংশ্লিষ্ট আচরণে সন্তানদের জড়িত না করা অনেকাংশে নিরভর করে, বলেন হিল।

“ধুমপানের ক্ষেত্রে ‘আমি যা বলি সেটা কর’ নয় বরং ‘আমি যা করি সেটা কর’ বাক্য বেশি প্রযোজ্য।”

১৩, ১৪, ১৫, ১৬, ১৮ এবং ২১ বছর বয়সী ৮০৮ জন কিশোর ও তরুণ এ গবেষণায় অংশ নেয়।

অংশগ্রহণকারীদের মধ্যে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান ছিল। এছাড়া, ৪৬ শতাংশ শ্বেতাঙ্গ, ২৪ শতাংশ কৃষ্ণাঙ্গ, ২১ শতাংশ এশিয়া বংশোদ্ভূত আমেরিকান, ৬ শতাংশ আমেরিকায় বসবাসকারী ভারতীয় এবং ৩ শতংশ আদিবাসী ছিল।

এদের ৩৭ শতাংশ ২১ বছর বয়সের মধ্যেই নিয়মিত ধূমপান শুরু করেছে। যাদের মধ্যে ৪২ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধূমপায়ীদের ধূমপানের পরিমাণ বাড়তে থাকে।

হিল বলেন, “বাবা-মা’রা হয়ত ভাবেন তাদের আচরণ তাদের সন্তানদের ওপর প্রভাব ফেলে না। কিন্তু এই গবেষণায় দেখা গেছে, তা আসলে অনেক প্রভাব ফেলে।”

“শুধু ধূমপানের অভ্যাসই নয় বরং সুন্দরভাবে পরিবার পরিচালনা, পরিবারের নিয়ম-কানুন প্রচলন ও নজরদারি, সন্তানের সঙ্গে আত্মিক সম্পর্ ইত্যাদিও শিশুরা বাবা-মা’র কাছ থেকেই শেখে।”

এজন্য সন্তানকে ধূমপান থেকে বিরত রাখতে হলে বাবা-মা কে ধূমপান পরিহার করার পরামরশ দিয়েছেন গবেষকরা।