স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির কারণেই’ ডেঙ্গু আজ মহামারী: ফখরুল
ডেঙ্গু সংকট পরিস্থিতি প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
স্বাস্থ্যখাতে সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির কারণেই’ দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারীর আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি বলেন, “অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ।
‘‘স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্ণীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারীর আকার ধারণ করেছে। এবছর অতীতের সকল রেকর্ড ভেঙে ডেঙ্গু মহামারী রুপে আর্বিভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জ্বরে মৃত্যু হচ্ছে প্রধান শিরোনাম। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, ‘‘নিম্ন মানের কীট ও সরকারের উদাসীনতার জন্য আমরা জানি না কি পরিমান রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আসল রোগীর সংখ্যা কত তা সহজে অনুমেয়, সেটা কয়েকগুণ বেশি হবে।”
“২০০০ সাল থেকে ডেঙ্গুকে আমরা চিনেছি, জানছি। ২০১৮ সালে এসে তা বিভীষিকাময় রূপ দেখায়। ডেঙ্গুতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। লাশের সারি বাড়ছে। কিন্তু সরকারের এসব নিয়ে চিন্তা নেই, উদ্যোগ নেই।”
ডেঙ্গু সংকট পরিস্থিতি প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
