Published : 11 Feb 2025, 03:37 PM
রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় দেয়ালে চাপা খেয়ে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৪৫ বছর বয়সী আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি চালাতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসেন মৌমিতা পরিবহন নামে একটি বাসের যাত্রী।
আদনান নামের সেই ব্যক্তি জানান, মৌমিতা পরিবহনের বাসটি বকশীবাজার মোড় ঘোরানোর সময় হেঁটে যাওয়া আনোয়ারকে ধাক্কা দেয়।
এ সময় তিনি পাশের একটি সীমানা প্রাচীরের দেয়ালের চাপা লেগে গুরুতর আহত হন।
আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদনান বলেন, ঘটনার পরপর স্থানীয় লোকজন বাস চালককে আটক করে পুলিশে দেয়।
আনোয়ারের ছোট ভাই মীর মো. আমির হোসেন জানান, তার ভাই কাজ সেরে লালবাগের বাসায় ফিরছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”
আনোয়ার ভোলা সদর উপজেলার বাগার হাউলা গ্রামে মীর মো. শাহেদ আলীর ছেলে। রাজধানীর লালবাগ চৌরাস্তা এলাকায় থাকতেন তিনি।
এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন আনোয়ার হোসেন।