২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে একদিনে ৭ জনের মৃত্যু

হামজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৮ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 05:43 PM

Updated : 27 Nov 2026, 05:43 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন।

শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭০, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

বুলেটিনে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।