হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন; ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হল।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৬ জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন; ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯ জন, চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ ও রাজশাহীতে ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।
বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
