২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পর একসঙ্গে, তবে সিনেমার পর্দায় নয়

একটি কাপড়ের বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখবে দর্শক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 11:10 AM

Updated : 20 Aug 2023, 11:19 AM

অ্যাকশন ছাড়া যেন চলছে না বলিউডের বাদশা শাহরুখ খানের। সাত বছর পর হিন্দি সিনেমার হালের নায়িকা আলিয়া ভাটের সঙ্গে তার দেখা মিললেও নেই কোনো রোমান্টিক আবহ; আছে কেবল মারপিট।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাত বছর পর একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও আলিয়া। তবে কোনো সিনেমায় নয়। একটি ‘ফেব্রিক ব্যান্ড’ এর বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখবে দর্শক।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, বাড়ির বসার ঘরে একদল গুণ্ডাকে মেরে পাটপাট করে দিচ্ছেন ‘পাঠান’ খ্যাত নায়ক। মারামারিতে শাহরুখকে শায়েস্তা করতে না পেরে ওই গুণ্ডারা সোফার ওপরে উঠে লাফাতে থাকে। আর শাহরুখ হাত জোড় করে তাদের সোফা থেকে নামতে বলেন।

এ পর্যায়ে আলিয়া এসে শাহরুখকে জানান, তাদের সোফা যে কাপড় দিয়ে তৈরি তাতে কোনো কিছুতেই নষ্ট হওয়ার চিন্তা নেই, শাহরুখ যেন গুণ্ডা-মাস্তানদের নিয়েই কেবল মাথা ঘামান।

মজার এই বিজ্ঞাপনটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশিরভাগ মানুষ হাসির ইমোজি দিয়েছেন ভিডিও দেখে।

অনেক ভক্তদের প্রত্যাশা ‘ডিয়ার জিন্দেগি’ জুটিকে ফের নতুন কোনো সিনেমায় দেখার।

২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেন আলিয়া। গৌরী শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’র প্রযোজক ছিলেন করণ জোহর আর শাহরুখ খান।

ওই সিনেমায় শাহরুখ খানের রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। মানসিক রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসক শাহরুখের পরামর্শ নিতে নিতে একপর্যায়ে তার প্রেমে পড়ে যান আলিয়া, যদিও শাহরুখের কাছ থেকে কোনো সাড়া মেলেনি প্রেমের।

সিনেমায় আলিয়া সেই অর্থে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করেননি। বরং শাহরুখ-আলিয়ার অন্য রসায়ন পেয়েছে দর্শকরা।

এরপরে কয়েকবার শাহরুখ আলিয়ার এক সিনেমায় কাজ করার কথা শোনা গেলেও এখন পর্যন্ত সেটি হয়ে ওঠেনি।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে আলিয়ার ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা। করণের এই সিনেমাটি ভালোই ব্যবসা করছে।

এছাড়া ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে যাত্রা শুরু হয়েছে আলিয়ার।

চলতি বছরের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ এর পর শাহরুখকে পাওয়া যাবে দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায়।

সিনেমায় নায়িকা নয়নতারা ছাড়াও দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়া অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডের সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তি পাবে আাগমী ৭ সেপ্টেম্বর।

‘জওয়ান’ এর পর শাহরুখ আসবেন নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমায়।

পুরনো খবর:

পুরনো খবর:

তিন দিনেই হিট ‘ডিয়ার জিন্দেগি’
বার্নলিকে হারিয়ে সিটির শুভ সূচনা
বাংলা বলার ‘রির্হাসেল’ করে কলকাতায় আলিয়া
মেয়েকে বিজ্ঞানী বানাতে চেয়ে ‘কটাক্ষের’ শিকার আলিয়া
‘জওয়ান’র দ্বিতীয় গান প্রকাশের আগে মোড়ক উন্মোচন
প্রকাশ্যে ‘জওয়ান’এর প্রথম গান