অবশেষে ভরদ্বাজের সঙ্গে শাহরুখ
শাহরুখের নতুন সিনেমার নাম জানা না গেলেও জানা গেছে নির্মাতার নাম, তিনি পরিচালক বিশাল ভরদ্বাজ।
গেল বছর সিনেমা মুক্তিতে হ্যাটট্রিক করার পর শাহরুখ খান এবার কোন সিনেমা নিয়ে সামনে আসছেন, সেই আলোচনার শেষ নেই। বলিউডের কিং খানের নতুন কাজের নাম কী, তার নতুন নায়িকা বা নির্মাতাই বা কে– এমন সব প্রশ্নে সোশাল মিডিয়ায় এসআরকে সেনশনে নায়ককে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করছেন ভক্তরা।
ইন্ডিয়া টুডে লিখেছে, শাহরুখের নতুন সিনেমার নাম জানা না গেলেও জানা গেছে নির্মাতার নাম। তিনি পরিচালক বিশাল ভরদ্বাজ, যিনি কিছুদিন আগে 'খুফিয়া' সিনেমা তৈরি করে প্রশংসিত হয়েছেন। 'খুফিয়া' ছাড়াও ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ করে খ্যাতি কুড়িয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছর ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ। তার সিনেমার চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছে শাহরুখের। সব কিছু পরিকল্পনা মাফিক চললে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও ভরদ্বাজ।
এর আগে চেতন ভগতের ‘টু স্টেটস’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানাতে চেয়েছিলেন ভরদ্বাজ। সেই সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। পরে আলিয়া ভাট ও অর্জুন কাপুরকে নিয়ে সিনেমাটি বানান ভরদ্বাজ।
কিছুদিন আগে শাহরুখ বলেছেন, আগামী মার্চ-এপ্রিল নাগাদ তিনি নতুন কাজ শুরু করতে চলেছেন। সেই কাজের জন্য নতুন করে গুছিয়ে নিচ্ছেন। এছাড়া খবর ছড়িয়েছে 'ধুম ৪' সিনেমায় 'চোর' হয়ে আসছেন শাহরুখ।
গত বছর তিনটি সিনেমা করেন শাহরুখ। জানুয়ারিতে 'পাঠান' সিনেমা দিয়ে বলিউডে সুদিন ফেরানোর গল্প লেখার কাজ শুরু করেন। এরপর সেপ্টেম্বরে আসে 'জওয়ান'। প্রথম দুই সিনেমাতেই ধুন্ধুমার অ্যাকশনে দেখা যায় তাকে।
আর বছর শেষে বড়দিনের আগে মুক্তি পায় এই নায়কের 'ডানকি'। বক্স অফিসে সিনেমাটি তেমন সুবিধা করতে না পারলেও এর চিত্রনাট্য এবং অভিনয়ের জন্য শাহরুখ প্রশংসিত হচ্ছেন।
পুরনো খবর-
