প্রতিযোগিতা নয়, শাকিবের সঙ্গে ‘শক্ত বন্ডিং’ ছিল: অপু
অপুর ভাষ্য, ‘নেগেটিভ পাবলিসিটি’ তাকে ক্যারিয়ার ‘পজিটিভ’ করে দিয়েছে।
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ভাঙা সংসার ‘জোড়া’ লাগার পুরনো গুঞ্জন চাউর হওয়ার পর থেকে দেশ-বিদেশ সবখানেই প্রাক্তন স্বামীর প্রসঙ্গে ‘সরব’ অপু বিশ্বাস। এবার এই নায়িকা জানালেন দুজনের যৌথ কাজের সময়গুলো কেমন ছিল।
গত মাসের শেষ নাগাদ ছেলে জয়সহ যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে ফিরেই কলকাতয় যান অপু বিশ্বাস। সেখানে যোগ দিয়েছিলেন পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপু প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’।
সেখানে কলকাতায় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের মুখোমুখি হন অপু। সাক্ষাৎকারে অপুর কাছে প্রশ্ন ছিল, সুপারস্টার স্বামীর সঙ্গে কাজের ক্ষেত্রে তার কোনো প্রতিযোগিতা ছিল কি না।
শাকিবকে একজন ‘বড় মাপের’ অভিনেতা বর্ণনা করে অপু বলেছেন, প্রতিযোগিতার ‘লেশমাত্র ছিল না’ দুজনের মধ্যে, বরং অভিনয় শিল্পী হিসেবে দুজনের বন্ধন ‘মজবুত’ ছিল।
অপু বলেন,”ও (শাকিব খান) তো উঁচুদরের অভিনেতা। তার মত মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করা বা নিজেকে এগিয়ে নেওয়া কঠিন কাজ ছিল। সেজন্য প্রথমদিকে নিজেকে প্রস্তুত করতে থাকি। এরপর দুজন মিলে এত বেশি কাজ করেছি যে একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল, কম্পিটিশন হয়নি। বুঝে গিয়েছিলাম ও কি করতে পারে আর আমার কি করা উচিত। মানে ও যে ধরনের অভিনয় করছে আমাকেও বিপরীতে সেভাবেই অভিনয় করতে হত।“
শাকিবের সঙ্গে বিচ্ছেদ এবং এর মধ্যে বুবলী-শাকিবের সংসার নিয়ে নানা ধরনের খবরে যে ‘নেগেটিভ পাবলিসিটি’ তৈরি হয়েছে, সেগুলো অপুকে পীড়া দেয় কী না, জানতে চাওয়া হয়।
এ প্রশ্নে অপুর ভাষ্য, ‘নেগেটিভ পাবলিসিটি’ তাকে ক্যারিয়ার ‘পজিটিভ’ করে দিয়েছে।
এই উত্তরে প্রশ্নকর্তা বিস্মিত হলে অপু বলেন, “এ নিয়ে মনে খেদ নেই। কারণ আমারও কোথাও ভুল হতে পারে। নিজেকে শোধরানো জন্য নেগেটিভ পাবলিসিটি কাজে দেয়। তাই ‘নেগেটিভ পাবলিসিটি’ আমি ইতিবাচকভাবে নিই।
“আর ইচ্ছা করে গসিপ করার উদ্দেশে যারা কিছু বলে বা সংবাদমাধ্যমে লিখে থাকে, তাদেরও আমি সাধুবাদ জানাই। কারণ এই ব্যস্ততার মধ্যেও আমাকে নিয়ে, আমার ভুলত্রুটি নিয়ে যারা বলছেন বা লিখেছেন, এবং আমার জন্য সময় বরাদ্দ করেছেন, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি মনে করি প্রত্যাশার চেয়ে আমি ভালোবাসা বেশি পেয়েছি।“
বর্তমানের জনপ্রিয় মাধ্যম ওটিটিতে অপু বিশ্বাসকে আগামীতে দেখা যাবে কি না সেই প্রশ্নও ছিল নিউজ এট্টিটিনের।
অপুর উত্তর হল, “আসছি আস্তে আস্তে, শিগগিরাই এসে যাব। তবে আমার মনে হয়, আমি একেবারে বড় পর্দার মানুষ। আমাদের অনেক নায়িকা নাটক, টেলিফিল্মে কাজ করেছেন, আমারও প্রচুর অফার এসেছে। কিন্তু আমার করা হয়নি, কারণ মনে হত বড় পর্দাতেই আমাকে বুঝি বেশি ভালো লাগবে, ভালো মানাবে। কিন্তু ওটিটিতে আমাকে দেখা যাবে শিগগিরই।“
যে বাংলাদেশের নাটক-সিনেমা কলকাতার দর্শকদের কাছে একসময় ‘পাত্তাই পেত না’, সেই দেশই ওটিটি কনটেন্টে নিজেদের ‘অপ্রতিরোধ্য’ করে তুলেছে- এমন কথায় কিছুটা ‘ক্ষেপে’ গেলেও ঠাণ্ডাভাবেই উত্তর দেন ‘লাল শাড়ি’ সিনেমার নায়িকা-প্রযোজক অপু।
“পাত্তাই পেত না এটা বলা ঠিক হল না, সম্পূর্ণ ভুল। কারণ একটা সময়ে দেখা গেছে, কলকাতার সিনেমার প্রতিটি দৃশ্য ঘর থেকে শুরু হয়ে ঘরেই শেষ হয়েছে। কিন্তু সেই সময়ে বাংলাদেশে বেশিরভাগ দৃশ্যেরই শুটিং হয়েছে আউটডোরে। যেমন ‘ছোট বউ’, ‘মেজ বউ’, ‘গুরুদক্ষিণা’র সব শুটিং ঘরে হয়েছে। কলকাতার রচনা ব্যানার্জি আমাদের মান্না ভাইয়ের সঙ্গে প্রচুর কাজ করেছেন, ঋতুপর্ণ সেনগুপ্ত বাংলাদেশের এত সিনেমায় কাজ করেছেন যে তাকে বাংলাদেশের শিল্পী ধরা হত একসময়ে।
বাংলাদেশের কাজের জায়গা একসময়ে অনেক বড় ছিল। মাঝে কলতাতার ইন্ডাস্ট্রি একটু বদলে যায়। অনেক সিনেমার শুটিং বাইরের দেশে হয়েছে। যা বাংলাদেশে হয়নি। ঢাকার প্রযোজকরা মনে করতেন আমেরিকা লন্ডনে শুটিং করলে বাজেট বেড়ে যাবে যে দেশের লোকেশনেই তারা কাজ সারতেন।“
এছাড়া বাংলাদেশের সিনেমা সম্পূর্ণ বাংলা মাধ্যমকেন্দ্রীক উল্লেখ করে কলাকাতা এবং ঢাকার সিনেমায় পার্থক্য তুলে ধরেন অপু।
“এখানে কলকাতায় বলিউডি, দক্ষিণী সিনেমা ঢুকে গেছে।কিন্তুই আমাদের দেশে পিওর বাংলা সিনেমাটিই হয়। “
এবারে কোরবানির ঈদে মুক্তি পায় অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। পাশাপাশি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাও মুক্তি পায় ঈদে, যা চলছে দেশ-বিদেশের হলে হলে।
পুরনো খবর
