০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘জওয়ান’ এর ট্রেইলার প্রকাশের দিনক্ষণ জানালেন শাহরুখ

শাহরুখ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে দশটায় ‘জওয়ান’র ট্রেইলার প্রকাশ পাবে সোশ্যাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 11:03 AM

Updated : 09 Jul 2023, 11:03 AM

বলিউড তারকা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার প্রকাশের তারিখ ঘোষণা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ১০ সেকেন্ডের এক ভিডিও দিয়ে শাহরুখ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে দশটায় ‘জওয়ান’ এর ঝলক দেখবেন দর্শকরা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, টুইটারে ১০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন কিং খান।ওই ভিডিওতে স্ক্রিনে ভেসে ওঠে শরীরে ব্যান্ডেজ বাঁধা শাহরুখের ‘জওয়ান’ লুকের ঝলক এবং আগুনের শিখা। এরপর পর্দায় ভাসে ‘জওয়ান’ এর ট্রেইলার মুক্তির তারিখ ও সময়।

জওয়ান মুক্তির তারিখ যত এগিয়েছে, তত দর্শকদের আগ্রহ বেড়েছে সিনেমাটির ট্রেইলার দেখার জন্য। গত ছয় মাস ধরে টুইটারে ‘আস্কএসআরকে’ সেশনে শাহরুখ যখনই এসেছেন, ভক্তরা তার কাছে জানতে চেয়েছেন সিনেমার ট্রেইলার কবে আসছে?

এমনকি ক্যারিয়ারের ৩১তম বার্ষিকীতে গত মাসে শাহরুখ যখন ওই সেশন শুরু করেন, প্রথম প্রশ্নটি ছিল ট্রেইলার ঘিরে। ‘কৌতুকপ্রিয়’ শাহরুখ তখন মজা করে বলেছিলেন,”চিন্তা করবেন না… যেটার কথা বলছেন (টিজার বা ট্রেইলার) সেটি একটি ভালো জায়গায় সুখেই আছে।”

ইদানিং দেখে গেছে, সিনেমা মুক্তি ঘিরে এর ছোট ছোট ভিডিও, টিজার বা একাধিক গান প্রকাশ হয়। কিন্তু ‘জওয়ান’ এর ক্ষেত্রে কড়াকড়ি দেখা যায়।

প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ চায়নি এ সিনেমার দৃশ্য, কোনো ছবি বা লুক প্রকাশ হোক।

কিন্তু তারপরও শাহরুখ ও ক্যামিও চরিত্র অভিনয় করা বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোনের নাচের ছবি এবং ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। সামনে এসেছে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য এবং সিনেমায় শাহরুখের নায়িকা নয়নতারা ‘লুক’ও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

অবশেষে ৭ সেপ্টেম্বর সিনেমা মুক্তির এক মাস হাতে রেখে আসতে চলেছে ‘জওয়ান’ এর ট্রেইলার। সিনেমা চার ভাষায় মুক্তি পেলেও ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেইলার আসছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।

‘জওয়ান’ মুক্তি পেলে সেটা হবে চলতি বছর শাহরুখের দ্বিতীয় সিনেমা। এ নায়কের পরের সিনেমা ‘ডাংকি’।

‘জওয়ান’ এ শাহরুখকে দর্শকরা পাবেন দ্বৈত চরিত্রে। দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ বলিউডের সিনেমা হলেও তাতে দক্ষিণের কলাকুশলীদের প্রাধান্য বেশি।

নায়িকা নয়নতারা ছাড়াও দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি অভিনয় করেছে। এছাড়া অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডেরর সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন।

পুরনো খবর

পুরানো খবর:

‘জওয়ান’ নায়িকার ফার্স্ট লুক ভাইরাল
‘জওয়ান’ এর গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য ফাঁস
‘জওয়ান’ সেট থেকে শাহরুখ-দীপিকার ছবি ফাঁস
‘জওয়ানের’ গানের স্বত্ব থেকেই বিপুল আয়
‘জওয়ান’ এর মুক্তি পেছাল
‘জওয়ান’ এর ফাঁস হওয়ার ভিডিও সরাতে দিল্লি হাই কোর্টের নির্দেশ