১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকিবের 'বরবাদ' যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়

আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ' মুক্তি পাবে।

শাকিবের 'বরবাদ' যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়
'বরবাদ' সিনেমার পোস্টার। ছবি: ইধিকা পালের ফেইসবুক থেকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 10:30 AM

Updated : 10 Sep 2026, 12:38 PM

দেশে মুক্তি পাওয়ার তিন সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা 'বরবাদ' মুক্তি পেতে চলেছে বিদেশের মাটিতে। 

চলতি মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি।

গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী। 

তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ' মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে। 

তিনি বলেন, “বাংলা সিনেমা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এটা ভালো লাগার বিষয়।"

এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। 'বরবাদ' সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে। 

পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। ইতোমধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।  

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।

১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো-এই তিন শহরে সিনেমাটি চলবে।

ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমাটি।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।  

প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।

সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।