১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুগলির ত্রাস ‘হুব্বা’ এবার প্রেক্ষাগৃহে

বাংলাদেশ, ভারত, ইউকে, অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতে শুক্রবার হলে আসছে 'হুব্বা', বৃহস্পতিবার ঢাকায় হয়েছে প্রিমিয়ার শো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 11:58 AM

Updated : 19 Jan 2024, 02:25 PM

বাংলাদেশ, ভারতসহ একসঙ্গে পাঁচ দেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘হুব্বা’।

শুক্রবার থেকে দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে এ সিনেমা দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এছাড়া ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতে একইদিনে মুক্তি পাচ্ছে ‘হুব্বা’।

‘হুব্বা’ পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু।

বৃহস্পতিবার রাতে ঢাকায় ‘হুব্বা’র প্রিমিয়ার শো হয়েছে। ওই শোয়ে কলকাতা থেকে এসেছিলেন পরিচালক ব্রাত্য। ছিলেন অভিনেতা মোশাররফ করিমসহ আরও অনেকে। শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। 

শুরু থেকে মোশাররফই ছিলেন পছন্দে

ঢাকায় পরিচালক ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, “এই সিনেমাটি দুই বাংলার সাংস্কৃতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবে।”

মোশাররফ করিমকে নিয়ে তার ভাষ্য, “শুধু বাংলাদেশ বা ভারত নয়, মোশাররফ করিম উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা।”

২০২১ সালে ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দুই বাংলাতেই প্রশংসিত হন অভিনেতা মোশাররফ করিম। এর আগে ব্রাত্যর ‘ডিকশনারি’ সিনেমা দিয়ে কলকাতার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মোশাররফের।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামলের’ জীবনকাহিনী হল এই সিনেমা গল্প। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে। এই 'হুব্বা' হয়েই পর্দায় আসছেন মোশাররফ।

চরিত্রটি কেমন সে কথা আরেকটু খোলাসা করেছেন মোশাররফ। এই অভিনেতা বলেন, "হুব্বা খুবই নৃশংস একজন মানুষ। কিন্তু তার প্রচণ্ড সেন্স অব হিউমার আছে। এই চরিত্রের সংলাপ স্টাইল- সবকিছুতে অদ্ভুত অদ্ভুত ঘটনা। আমার বিশ্বাস দর্শক টানটান উত্তেজনার একটা সিনেমা দেখবেন।”

হঠাৎ একজন গ্যাংস্টারকে নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্তের কারণ এবং তাতে মোশাররফই বা কেন তা নিয়ে কলকাতার আনন্দবাজারের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ব্রাত্য। 

তিনি বলেন, “আমি হুব্বাকে কখনও চোখে দেখিনি। ২০০৫ সালে হুব্বা যখন পুলিশের হাতে ধরা পড়ে, তখন আমি প্রথমবার তার নাম শুনি। পরবর্তী সময়ে সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ বইতে হুব্বা শ্যামলের কথা পড়ে তাকে নিয়ে সিনেমা তৈরির ইচ্ছেটা জাগে।”

চিত্রনাট্য নিয়ে বইয়ের লেখক সুপ্রতিম সরকারের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন বলেও জানান ব্রাত্য।

মোশাররফকে নির্বাচন করার বিষয়ে ব্রাত্য বলেন, “‘ডিকশনারি’র কাজ করার সময়েই ‘হুব্বা’ নির্মাণের পরিকল্পনা করেছিলাম। আর সে সময় থেকেই মোশারফই আমার প্রথম পছন্দ ছিলেন।”

‘হুব্বা’র ট্রেইলারের দারুণ জনপ্রিয়তার পেছনের কারণ মোশররফই কীনা প্রশ্নে ব্রাত্য বলেন, “ইউটিউবে ১২ লাখের বেশি মানুষ ট্রেইলার দেখেছেন। এটা তো খুবই ভালো। মোশাররফ করিম অবশ্যই সেখানে বড় ফ্যাক্টর। কারণ, উনি বাংলাদেশের একজন বৈগ্রহিক অভিনেতা। ট্রেইলার নিয়ে যে উদ্দীপনা রয়েছে, তার মধ্যে এপার বাংলার ১০ শতাংশ মানুষও সিনেমাটি যদি দেখেন, তা হলে তো সিনেমা সফল।”

কথায় কথায় ব্রাত্য জানান, তাকেই অনেকে ‘হুব্বা’ চরিত্রটি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এই নির্মাতার কথা হল, তার পছন্দে ছিলেন মোশাররফই।

বাংলাদেশে 'হুব্বা’ কোথায় কোথায়

স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ার মধুবন কমপ্লেক্স,মম ইন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ মুভি থিয়েটার,নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল কমপ্লেক্স, ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, বিজিবি অডিটরিয়াম, সৈনিক ক্লাব, আনন্দ সিনেমা, নিউমেট্রো সিনেমা, সেনা অডিটরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, জয়দেবপুরের বরষা সিনেমা, ঝুমুর সিনেমায় 'হুব্বা' মুক্তি পাচ্ছে।

এছাড়া গাজীপুরের শুভা সুহানা, কাঁচপুরের চাঁদমহল সিনেমা, যশোরের মণিহার সিনেমা, খুলনার লিবার্টি সিনেমা, শঙ্খ সিনেমা, রংপুরের শাপলা সিনেমা, পাবনার রূপকথা সিনেমা, দিনাজপুরের মডার্ন সিনেমা, সিলেটের নন্দিতা, সৈয়দপুরের তামান্না সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা, বরিশালের অভিরুচি সিনেমা, রাজশাহীর রাজতিলক সিনেমা, মুক্তারপুরের পান্না, মানিকগঞ্জের নবীন সিনেমা, কুলিয়ারচরের রাজ তিলক সিনেমা, গোপালগঞ্জের চিত্রাবাণী সিনেমা, লালমনিরহাটের আলোরূপা, চান্দিনার পালকি সিনেমা, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, শেরপুরের রূপকথা সিনেমা, মধুখালীর নীলা বর্ষা, পটুয়াখালীর তিতাস সিনেমা, কালুখালীর বৈশাখী সিনেমা, দিয়াবাড়ির ফ্যান্টাসী, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, সাতক্ষীরার সংগীতা, জয়পুরহাটের পৃথিবী সিনেমা, মধুপুরের মাধবী, নাগরপুরের রাজিয়া সিনেমা, ভোলার রূপসী, রাজবাড়ীর সাধনা সিনেমা, নওগাঁর তাজ সিনেমা, নাভারণের তুলি সিনেমা, ঝিনাইদহের প্রিয়া সিনেমা হলে চলবে 'হুব্বা'।

আরও পড়ুন

পুরানো খবর:

এবার এল ‘হুব্বা’র টাইটেল ট্র্যাক

পুরানো খবর:

‘হুব্বা’ মোশাররফের অ্যাকশন

পুরানো খবর:

কেমন ছিল গ্যাংস্টার ‘হুব্বা’র জীবন, দেখালেন মোশাররফ

পুরানো খবর:

ফুলের মালা গলায় দিয়ে কলকাতার ‘হুব্বা’য় মোশাররফের ঝলক

পুরানো খবর:

হুগলির গ্যাংস্টারকে নিয়ে ব্রাত্য বসুর চলচ্চিত্রে মোশাররফ করিম