বাবাকে মারধর করে পালানো রামিম এসআরবির হাতে ধরা
কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকা থেকে রোববার ছেলেকে গ্রেপ্তার করে এসআরবি।
বাবার কাছ থেকে মালামাল নিয়ে ভ্যানগাড়িতে বিক্রি করতেন ছেলে। কিন্তু ঠিকঠাক টাকা না দেওয়ায় এ নিয়ে কথাকাটাকাটি হতো তাদের। এর জেরে বাবাকে দুই দফায় মারধর করে ছেলে।
আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। এরপর পালিয়ে যায় ছেলে। ঘটনার পাঁচদিন পর সেই ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গ্রেপ্তার ২১ বছর বয়সি রামিম চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিজয়নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
এসআরবি জানায়, গত ১০ নভেম্বর রামিম তার বাবা রহিম উল্ল্যাহকে (৬০) মারধর করার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে রামিম পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় রোববার কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকা থেকে রামিমকে গ্রেপ্তার করা হয় বলে বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ সোমবার বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত রহিম উল্ল্যাহর বাড়ি কক্সবাজারে চকরিয়া উপজেলায়। বিজয়নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করতেন।
“তার থেকে কাপড় নিয়ে ব্যবসা করতেন ছেলে রামিম। কিন্তু ঠিক সময়ে টাকা না দেওয়ায় তাদের মধ্যে বিভিন্ন সময়ে বাদানুবাদ হতো। এর জেরে গত ১০ নভেম্বর বাবা- ছেলের কথাকাটাকাটির এক পর্যায়ে রামিম তার বাবা রহিম উল্ল্যাহকে মারধর করেন। এতে গুরুতর আহত অসুস্থ হয়ে মারা যান রহিম উল্ল্যাহ।”
মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে টাকা-পয়সা নিয়ে বাবা-ছেলের বাদানুবাদ হয়। এসময় রামিন একবার তার বাবাকে মারধর করে। প্রতিবেশীরা বিষয়টি সমাধান করে দেন।
একই দিন রাত ১১টার দিকে ১৪ নম্বর ঘাট আক্কাসের মার্কেটের সামনের রাস্তায় বাবা-ছেলের ফের বাদানুবাদ শুরু হয়। এসময় রামিম তার বাবাকে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।
একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন রহিম উল্ল্যাহ। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও রামিম পালিয়ে যায়।
