সম্মিলিত বিনোদনের অভাব ও সামাজিক অরাজকতা
এ- দেশের সাধারণ মানুষের কাছে সহজ, সুন্দর বিনোদনের মাধ্যম ছিল চলচ্চিত্র। যা শুধু বিনোদনের মাধ্যম নয়, ছিল সম্মিলনের মাধ্যম। সম্মিলনের মাধ্যম হিসেবে চলচ্চিত্র না থাকলে সমাজে কী ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা নিয়ে সেমিনার হতে পারে, গবেষণা হতে পারে- তাতে আরো অনেক কিছু বেরিয়ে আসবে নিশ্চিত।
টেলিভিশন আবিষ্কারের আগে চলচ্চিত্র শক্তিশালী গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। গত শতাব্দীর ৩০-৪০ দশক নাগাদ ইউরোপ-আমেরিকায় চলচ্চিত্র মোটামুটি স্বর্ণযুগে প্রবেশ করে। ততদিনে টেলিভিশন আবিষ্কৃত হলেও খোদ ইউরোপেই টেলিভিশন ব্যাপকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছুতে ৫০-৬০ দশক পর্যন্ত লেগে যায়। ততদিনে চলচ্চিত্র সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। এমন কি পঞ্চাশ-ষাট দশকের মধ্যে কলকাতাতেও চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে চলচ্চিত্র জনপ্রিয় হতে হতে আরো এক-দু দশক বেশি সময় লাগে। শত বছর আগে থেকে দশকে দশকে এ- দেশে একটি-দুটি করে সিনেমা হল নির্মাণ চলতে থাকলেও ষাট দশক নাগাদ সারা দেশে সিনেমা হল নির্মাণের হিড়িক পড়ে যায়। নব্বই দশক নাগাদ সারা দেশে সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। বর্তমানে ৭০-৮০টি সচল আছে। সিনেমা হলের জায়গা এখন দখল করে নিয়েছে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স।
গত দুচার বছর ধরে বাংলাদেশে যে-সব চলচ্চিত্র নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে তার প্রায় সবই সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শনের কারণে। মাল্টিপ্লেক্সে প্রদর্শিত ছবিগুলো সাধারণত মধ্যবিত্ত-রুচি মাথায় রেখে বানানো হয়। এসব ছবি স্থানীয় সিনেমা হলে দেখানো হয় না। আর দেখানো হলেও তেমন দর্শক পাওয়া যায় না। স্টার সিনেপ্লেক্সে যে-ছবি ধুমধারাক্কা চলেছে, সে-ছবি মধুমিতায় কল্কে পায়নি, তার সাক্ষি আমি নিজে।
গ্রাম-গঞ্জ তো দূরের কথা, অনেক জেলা শহরে পর্যন্ত এখন সিনেমা হল নেই। মাল্টিপ্লেক্স অনেক বিভাগীয় শহরেরও নাগালের বাইরে। বিভাগীয় শহরগুলোতে মাল্টিপ্লেক্স নির্মাণের দাবি চলছে। কিন্তু, মাল্টিপ্লেক্স কি কখনো সিনেমা হলের বিকল্প হতে পারবে? মাল্টিপ্লেক্সে সাধারণত মধ্যবিত্ত, উচ্চবিত্তরা যায়, একটি টিকেটের দাম পাঁচ-সাতশ টাকা, টিকেটের চেয়ে দ্বিগুণ খরচ যায় এটা-সেটা খেতে। বছরে এক-আধবার সেখানে অনেকে বেড়াতে যেতে পারে, নিয়মিত যাওয়া অনেক মধ্যবিত্তের পক্ষেই অসম্ভব। নিম্ন-আয়ের মানুষর জন্য তো কথাই নেই। প্রশ্ন হচ্ছে: চলচ্চিত্রের বদলে সাধারণ মানুষ এখন দেখে কী? উত্তর হচ্ছে: মোবাইলে রিলস দেখে। তাতে ক্ষতি কী? তার ব্যাখ্যা দিতে গেলে সমাজতাত্ত্বিক গবেষণা লাগবে নিঃসন্দেহে। চলচ্চিত্রের মধ্যে গল্প আছে, জীবনবোধ আছে, পর্দায় দেখা কিছু চরিত্রের সাথে মানুষ নিজের জীবনকে জড়িয়ে ফেলে, এতে করে নিজের জীবনকে সে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারে। রিলসে আছে দৃশ্যের পর দৃশ্য, সেসবের কোনো আগামাথা নেই। নিতান্তই সময় অপচয় ছাড়া সেগুলো আর কিছু না।
যে- কোনো শিল্পের তুলনায় চলচ্চিত্র অনেক বেশি ব্যাপক। আয়োজনের দিক দিয়ে ব্যাপক হলেও অনেকেই বলেন, জীবনবোধ তৈরির জায়গায় চলচ্চিত্র এখনো সাহিত্যকে ছাড়িয়ে যেতে পারেনি। সে অবশ্য অন্য তর্ক। তারপরও বলা যায়, চলচ্চিত্রের আবির্ভাব হয়েছিল আধুনিক মানুষের সম্মিলনের উৎসব হিসেবে। সাহিত্যপাঠ একেবারেই ব্যক্তিগত বিষয়। একটি বই হাতে ধরে ঘরের কোণে বসে যে- কেউ সেটা নিজের মতো পাঠ করতে পারে। কিন্তু, একটি চলচ্চিত্র দেখতে হয় অনেকে মিলে। অনেকে মিলে এক জায়গায় বসে একই গল্পে ডুবে যাওয়ার যে-অনুভূতি মানুষের সামাজিক ইতিহাসে তার অবশ্যই আলাদা একটি মূল্য আছে। স্বাভাবিকভাবেই এতে মানুষে মানুষে সৌহার্দ্য ও ও সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়।
এখন কথা হচ্ছে, সিনেমা দেখা মানেই সম্মিলনে অংশ নেয়া না। সিনেমা এখন টেলিভিশনেরই জায়গা দখল করে বসে আছে। মোবাইলে, কম্পিউটারে সিনেমা দেখা টেলিভিশন দেখার মতোই ব্যাপার। সিনেমা হল ও সিনেপ্লেক্স, টেলিভিশনের বিকল্প হিসেবে এখন আরেকটি মাধ্যমের আবির্ভার হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম। নাটকও নয়, সিনেমাও নয়- এর মাঝামাঝি একটা কিছু হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম এখন সারা পৃথিবীতেই জনপ্রিয় একটি বিনোদন মাধ্যম। যৎসামান্য টাকায় মাসিক-ত্রৈমাসিক-যান্মাসিক-বাৎসরিক সাবস্ক্রিপশন ক্রয় করার বিনিময়ে ঘরে বসে, চলতে চলতে মোবাইল-লেপটপ, কম্পিউটারে বা টেলিভিশনে অসংখ্য কনটেন্ট দেখা যায়। যেহেতু ওটিটি অনেকটা ব্যক্তিগত দর্শন-মাধ্যম, তাই এখানকার বিষয়-আশয়ও অনেকটা ব্যক্তিগতই। নাটকে-সিনেমায় যা খোলাখুলি খুব একটা দেখানো যায় না, এখানে তা-ই দেখানো হয়। সেক্স, ভায়োলেন্স এখানে সাধারণ ব্যাপার। বাংলাদেশেও কয়েকটি ওটিটি মাধ্যম এসেছে। যদিও তেমনভাবে জনপ্রিয় হয়নি। শহরের তরুণ-তরুণীদের কাছেই এগুলো মোটামুটি জনপ্রিয়। সাধারণ মানুষ এখনো এসবের প্রতি বিমুখ।
শুরুতে সিনেমা কিন্তু ব্যক্তিগত বিনোদন মাধ্যম ছিল না, ছিল সম্মিলনের বিনোদন মাধ্যম হিসেবে। সেটা কীরকম বোঝা যাবে জিউসেপ্পে টর্নাটোর সিনেমা প্যারাডিসো দেখলে। একটি সিনেমা হলকে ঘিরে কীভাবে একটি জনগোষ্ঠী উৎসবে মেতে ওঠে তার উৎকৃষ্ট উদাহরণ এই সিনেমাটি। টোটো নামের একটি ছেলের পুরো জীবন ওই সিনেমা হলকে ঘিরে জড়িয়ে যায়। তা এমনই গভীর বন্ধন যে বড় হয়ে চলচ্চিত্র নির্মাতা হওয়ার পরও সে ওই সিনেমা হলকে ঘিরে স্মৃতিকাতরতায় আক্রান্ত হয়। গল্পটি দেখানোই হয়েছে তার স্মৃতিরোমন্থনের মধ্য দিয়ে।
ষাট-সত্তর-আশি-নব্বই দশকে যারা বেড়ে উঠেছেন সিনেমা হল ঘিরে এমন স্মৃতিকাতরতা বাংলাদেশের অনেক মানুষেরই আছে। নব্বই দশকের গ্রাম-গঞ্জের অনেক তরুণ-যুবকদলও নাইট শো দেখে সেই সিনেমার গান গেয়ে গেয়ে নির্জন পথ ধরে বাড়ি ফিরতেন। সিনেমার গান এক সময় বাংলাদেশের মানুষের মুখে মুখে গীত হতো। সিনেমা কতদূর পর্যন্ত সম্মিলনের উৎসব হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত, ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি। গ্রাম-গঞ্জের সিনেমা হলে মাসের পর মাস চলেছে ছবিটি। প্রথম দিকে টিকেট পাওয়া যেত না। ছবিটি দেখার জন্য দূর-দূরান্তর থেকে দর্শক এসে সিনেমা হলের সামনে দিনের পর দিন অপেক্ষা করত। এমনও দেখা গেছে নৌকা করে এসে গঞ্জের ঘাটে নৌকা ভিড়িয়ে সংসার পেতে বসে আছে দুচারদিনের জন্য। বিভিন্ন গ্রামের মানুষ একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।
এসব আজ গালগল্প মনে হবে। সিনেমা নিয়ে এমন উৎসব বাংলাদেশে সর্বশেষ কিছুটা হয়েছে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯) ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (২০০৯) চলচ্চিত্র দুটিতে। মনপুরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী অভিসার সিনেমা হল নতুন করে সাজানো হয়েছিল। বেশ কয়েক সপ্তাহ সেখান চলেছে ছবিটি। অভিসার সিনেমা হল বন্ধ হয়ে গেছে।
ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোর মধ্যে মধুমিতা এখনো টিকে আছে ধুকে ধুকে। হিন্দি সিনেমা এনে দর্শক ফেরাতে চেষ্টা করেও সিনেমা হলটি ব্যর্থ হয়েছে। এই হলটিও এখন বন্ধ হওয়ার উপক্রম। মধুমিতায় যারা ছবি দেখেছেন তারা জানেন এখানে ছবি দেখার আনন্দ কীরকম। তেল ও গ্যাসের জন্য এখন যেমন গাড়ির সারি বহুদূর পর্যন্ত চলে যায়, মধুমিতার দর্শকের সারিও এক সময় দৃষ্টিসীমার বাইরে চলে যেত। এখন নতুন একটা ছবি মুক্তি পেলেও পুরো সিনেমা হলটি খা খা করে।
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ছবি কিছুটা দর্শক-নন্দিত হয়েছে। বিশেষ করে গত ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেক্স’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রোদ’ সিনেমা দুটি। তাও সিনেমা দুটির নন্দিত হওয়ার পরিধি ওই সিনেপ্লেক্স পর্যন্তই। হাতেগোনা মধ্যবিত্ত কিছু দর্শকের কাছেই তাদের গন্তব্য। বিপুল গণমানুষ এখনো তাদের ধরাছোঁয়ার বাইরে।
এখন কথা হচ্ছে, এই যে গণমানুষ সিনেমাজগতের সম্মিলনের বাইরে চলে গেল, তাতে ফল কী দাঁড়াচ্ছে? সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙি থেকে যদি বিষয়টা বিশ্লেষণ করা যায় তাহলে ফলাফলটা এরকম দাঁড়ায়: বর্তমান সময়ের মানুষ এমনিতেই সমাজ-বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার ফলে সমাজে নানারকম বিশৃঙ্খলা তৈরি হয়। কারো প্রতি কারো শ্রদ্ধাবোধ থাকে না। মানুষ হয়ে পড়ে অগণতান্ত্রিক।
বাংলাদেশে সম্মিলনের জায়গা নানাভাবেই অনেক কমে আসছে। নাটক নেই, সিনেমা হল নেই, সংগীতের আসর নেই, খেলাধুলা নেই - আছে শুধু হাতে হাতে মোবাইল। টেলিভিশনের কারণে এক সময় যে-পারিবারিক সম্মিলনের ক্ষেত্রে তৈরি হয়েছিল সেটাও এখন মোবাইলের কারণে হাতের মুঠোয় বন্দি। তার ফলও ফলতে শুরু করেছে। পরিবারগুলো ভেঙ্গে টুকুরো টুকরো হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে দেখা যায় মানুষের প্রতি মানুষের চরম অসহিষ্ণুতা।
এটা যে শুধু নাটক-সিনেমার অভাবেই হচ্ছে তা না, সামগ্রিক সাংস্কৃতিক অরাজকতার কারণেই এটা হচ্ছে। তবে, এটাও অস্বীকার করার উপায় নেই, আধুনিক সময়ে নাটক-সিনেমা-সাহিত্য নাগরিক-সচেতনা সৃষ্টি ও গণতান্ত্রিক চেতনা বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। নাটক-সিনেমার সাথে সাহিত্যও গভীরভাবে যুক্ত। নাটক-সিনেমা মূলত সাহিত্যেরই প্রতিফলন। যে-দেশে সাহিত্য জনপ্রিয় নয়, সে-দেশে নাটক-চলচ্চিত্র-সংগীতও ভালো জায়গায় পৌঁছুতে পারে না।
নাটক-সিনেমা-সংগীত-সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়, অবসর কাটানোর মাধ্যম নয়, পরোক্ষভাবে এগুলো জনগণকে সুশিক্ষিত, সুনাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমানে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাও যে ব্যর্থ হয়ে যাচ্ছে, তার কারণও এ-দেশের শিল্প-সংস্কৃতি ধ্বংস হয়ে যাওয়ার ফলে। গত কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফলাফল অশঙ্কাজনকরূপে খারাপ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে উঠেও শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান রয়ে যাচ্ছে স্কুল পর্যায়ের। তার পরিণতি কী হবে, একটি দেশ কীভাবে চলবে তা নিয়ে কি কারো মাথাব্যথা আছে?
এ-দেশের যে-কোনো মাধ্যম নিয়ে কথা বলতে গেলেই হতাশা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই এবং যে-কোনো মাধ্যম নিয়ে কথা বলতে গেলেই সর্বমাধ্যমের কথা আসবে, যেহেতু সব মাধ্যমই কোনো না কোনোভাবে অন্য মাধ্যমের সাথে যুক্ত, সিনেমার সাথে সাহিত্য যুক্ত, সাহিত্যের সাথে প্রাতিষ্ঠানিক পড়াশোনা যুক্ত, প্রাতিষ্ঠানিক পড়াশোনার সাথে প্রশাসন-ব্যবস্থা যুক্ত, প্রশাসনের সাথে যুক্ত রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনা। এভাবে ক্রমান্বয়ে অগ্রসর হলে শেষ পর্যন্ত সর্বস্তরে রাষ্ট্রের ব্যর্থতা ছাড়া আমাদের আর কিছুই চোখে পড়বে না।
যদি আবার সিনেমা হলের কাছেই ফিরে যাই, তাহলে দেখব এ-দেশের সাধারণ মানুষের জন্য মোবাইলে রিলস দেখা ছাড়া এখন আর কোনো বিনোদন মাধ্যম নেই। অর্থাৎ, সম্মিলনের আর কোনো পথ খোলা নেই। ভালো হোক, মন্দ হোক, নব্বই দশক পর্যন্ত এ-দেশের বাণিজ্যিক সিনেমাগুলো সাধারণ মানুষদের একরকম সম্মিলন ঘটিয়েছে। দিনমজুর, রিকশাচালক, পোশাক-কারখানার কর্মী, কেরানি, স্কুল-পলাতক শিক্ষার্থী, এমন কি মাদ্রাসার ছাত্ররাও লুকিয়ে-চুরিয়ে সিনেমা হলে গিয়ে গণমানুষের কাতারে ভিড় করেছে। কী সিনেমা তারা দেখেছে, তাতে কী শিক্ষা তারা পেয়েছে তার চেয়েও বড় কথা তারা একজায়গায় একত্রিত হয়ে অন্তত এটুকু বুঝেছে সমাজে নানা শ্রেণীপেশার লোক আছে। কোনোরকম আইনি-নিয়ন্ত্রণের বাইরে গিয়েও তারা একরকম শৃঙ্খলা বজায় রেখেছে। নিজস্ব বোধবুদ্ধি দ্বারাই তারা বুঝেছে একসাথে চলতে গেলে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে।
আজ সমাজে-রাষ্ট্রে পারস্পরিক সহানুভূতি তো দূরের কথা, নামমাত্র সহনশীল মনোভাবটুকু নেই। সাম্প্রতিক মব-সন্ত্রাসগুলোই তার প্রমাণ। এখন, এই সমাজের সাধারণ মানুষগুলো যদি উচ্ছৃঙ্খল, বেপরোয়া, অসহনশীল, অসহিষ্ণু হয়ে ওঠে তার দোষ কিন্তু তাদের দেয়া যাবে না। রাষ্ট্র তো তাদের শিক্ষিত করার কোনো ব্যবস্থাই করেনি। না করতে পেরেছে প্রত্যক্ষভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুব্যবস্থা, না শিল্প-সাহিত্যের নামে পরোক্ষ শিক্ষার ব্যবস্থা।
রিকশাচালকরা যদি রাজধানীর রাজপথে প্রস্রাব করে, গলিতে গলিতে যদি ছেলেছোকড়রা গাঞ্জা খায়, মেয়েদের উত্যক্ত করে তার দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া যাবে বটে, কিন্তু, রাষ্ট্রেরও এতে দায় আছে। সাধারণ মানুষের তো বিনোদনের কোনো ব্যবস্থাই নেই আজ। এ- দেশের সাধারণ মানুষের কাছে সহজ, সুন্দর বিনোদনের মাধ্যম ছিল চলচ্চিত্র। যা শুধু বিনোদনের মাধ্যম নয়, ছিল সম্মিলনের মাধ্যম। সম্মিলনের মাধ্যম হিসেবে চলচ্চিত্র না থাকলে সমাজে কী ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা নিয়ে সেমিনার হতে পারে, গবেষণা হতে পারে- তাতে আরো অনেক কিছু বেরিয়ে আসবে নিশ্চিত। এবং চলচ্চিত্রের মতোই অন্যান্য সামাজিক সম্মিলনের জায়গাগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সমাজে-রাষ্ট্রে কী-ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে তাও বোঝা যাবে। এসব সামাজিক সম্যক মিলন ও শৈল্পিক বিনোদনের অভাব সাধারণ মানুষ এখন কোন দিকে ঝুঁকছে এবং তার ফল কী হচ্ছে তা আর উল্লেখ করলাম না। সেটা উল্লেখ করাও আজ বিপজ্জনক। সচেতন মানুষমাত্রই তা জানেন।
