২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা চলচ্চিত্র উৎসব: দুবছর পর দেশের দুই সিনেমা

উৎসবের দুটি পৃথক প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে সিনেমা দুটি।

কলকাতা চলচ্চিত্র উৎসব: দুবছর পর দেশের দুই সিনেমা

‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার পোস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:26 PM

Updated : 24 Nov 2026, 11:26 PM

জীবনানন্দ দাশের কবিতার কল্পজগৎ এবং এক নারীর কঠিন জীবনের বাস্তবতা ঘিরে নির্মিত বাংলাদের দুই সিনেমা ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে।

মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করবে উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে। অন্যদিকে, ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে অংশ নেবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতায় এই উৎসবের দুটি পৃথক প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে বাংলাদেশের এই দুই নির্মাতার চলচ্চিত্র।

উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৫টি সিনেমা এবং নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

‘বনলতা সেন’

উৎসবের পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’ এর প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ‘বনলতা সেন’ দলকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

কলকাতায় প্রদর্শনী নিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে সিনেমাটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।”

কলকাতার আগে আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও প্রদর্শিত হবে সিনেমাটি।

জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

কবিতা থেকে সিনেমা নির্মাণের উদ্দেশ্য জানিয়ে এই পরিচালক বলেন, “আমার সব কাজে শিল্পচর্চার একটা প্রভাব আছে। জীবনানন্দ দাশ যত বড় মাপের কবি তাকে নিয়ে কিন্তু দুই বাংলায় তেমন কাজ হয়নি। আগে যেরকম শিল্প সাহিত্য নিয়ে কাজ হত এখন সেটাও কমে গিয়েছে।”

কবিকে শ্রদ্ধা জানাতেই সিনেমাটি বানাতে হাত দিয়েছিলেন বলে পরিচালক উজ্জ্বলের ভাষ্য।

সিনেমার গল্প নিয়ে উজ্জ্বল বলেন, “এটা মৌলিক গল্প, যা কবিতার অন্বেষণ নিয়ে। কাব্যের মূল সুরকে ঠিক রেখে এক অন্বেষণের গল্প বলবে সিনেমাটি।

উজ্জ্বলের ভাষ্য, “বনলতা সেনকে কেউ দেখেনি৷ বাংলা ভাষায় সর্বাধিক পঠিত কবিতা এটি। এই চরিত্রটাই যেন একটা মিথ রয়ে গিয়েছে। বনলতা সেনকে দেখার জন্য আমাদের ব্যক্তিগত যে বাসনা, সেটা নিয়েই এই গল্প।”

সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুদা রহমান নাবিলা। জীবনানন্দ দাশ চরিত্রে খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে।

২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এটি। গত ২৮ মে কোরবানির ঈদ ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বনলতা সেন’।

'দ্য ডিফিকাল্ট ব্রাইড'

‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে অংশ নেওয়া রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি শৈশবে পার্লারের শোনা এক গল্প ও স্মৃতি থেকে তৈরি করেছেন নির্মাতা।

ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার চিত্রনাট্য।

সিনেমাটি নিয়ে গ্লিটজকে নির্মাতা রুবাইয়াত বলেছিলেন, “সিনেমাটি দিয়ে আমরা বিউটি বলতে কী বুঝি, সেটাকে প্রশ্ন করতে চেয়েছি। রূপচর্চার এই প্রক্রিয়ার নিচে যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে, তা দেখানোর চেষ্টা করেছি। সমাজ যেভাবে পার্লারের মাধ্যমে একটি মেয়েকে কৃত্রিম ছাঁচে নারী হিসেবে ম্যানুফ্যাকচার করে, সিনেমাটিতে সেটাই দেখানো হয়েছে।"

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এই প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়।

সিনেমার অন্যান্য চরিত্রে আছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান।

'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটির আরেকটি বিশেষ দিক আছে। সেটি হল এর আবহ সংগীত কম্পোজার ছাড়া প্রতিটি বিভাগের প্রধানই নারী।

চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস (বার্লিনে গোল্ডেন বিয়ার বিজয়ী), প্রধান লাইটিং টেকনিশিয়ানকে ছিলেন ফ্রেদেরিকা আর গোমেজ, সম্পাদনায় ফ্রান্সের রাফায়েল মার্তা হোলগার এবং প্রোডাকশন ডিজাইনে ছিলেন ভারতের জোনাকী ভট্টাচার্য।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড' এর বাংলাদেশি কলাকুশলীদের মধ্যে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজীব রাফি, যাহিন শুহরাত ইসলাম ও সাদিয়া আনজুম। শিল্প নির্দেশনায় ছিলেন সাদাব জাফর। সংগীত পরিচালনা করেছেন দামীর খান।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজ।

আগামী বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন বলে পরিচালক জানিয়েছেন।

মাঝে কয়েক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ।

২০২১ সালে নেটপ্যাক পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ এবং ২০২২ সালে যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

২০২৩ সালে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল এই উৎসবে। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতার কারণে পরপর দুই বছর বাংলাদেশের কোনো সিনেমা ও অতিথি রাখেনি উৎসব কর্তৃপক্ষ।

দুই বছর পর এবারের আসরে ফের প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের নির্মাতাদের কাজ।