হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সব্যসাচী
ঋদ্ধিমা ঘোষ আনন্দবাজারকে বলেন, " বাবা এখন ভাল আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েক দিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’’
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
এই অভিনেতাকে চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
অভিনেতার পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ আনন্দবাজারকে বলেন, "বাবা এখন ভালো আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েকদিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’’
গত ১৯ মার্চ রাতে এই অভিনেতা বুকে ব্যথা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষার পর সব্যসাচীর হার্টে ব্লকেজ পাওয়া যায়।
চিকিৎসকেরা পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছিলেন। সেই মত সব্যসাচীর অস্ত্রোপচারও হয়।
সম্প্রতি ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারক করেছেন।
নাতির সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন সব্যসাচী। অন্নপ্রাশনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এ অভিনেতার অসুস্থতার খবর আসে।
মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র– সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও তিনি ব্যাপক পরিচিতি পান ‘ফেলুদা’র চরিত্রে অভিনয় করে। বলা হয়, সত্যজিত রায়ের অমর চরিত্র ‘ফেলুদা’কে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
বাংলা, হিন্দি, তামিল মিলিয়ে তার অভিনীত সিনেমার সংখ্যা একশর কাছাকাছি; ওই সংখ্যার হিসাবকে থামিয়ে দিয়ে গতবছর অবসরে যাওয়ার ইচ্ছার কথা বলেছিলেন এই অভিনেতা।
ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে সব্যসাচী গ্লিটজকে বলেছিলেন, “আমার সময় শেষ। এখন রিটায়ার্ড। এখন অবসরপ্রাপ্ত।”
অবশ্য পরে সব্যসাচী বলেন, অভিনয় থেকে বিদায় নয়, আপাতত ‘বিরতিতে’ আছেন।
কিছুদিনের মধ্যে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শুরুর করার কথা রয়েছে সব্যসাচীর।
আরও পড়ুন
