Published : 12 Jan 2017, 02:12 PM
তিন গানের ইপি অ্যালবাম ‘গানওয়ালী’ নিয়ে দীর্ঘদিন পর গানে হাজির হচ্ছেন শিরিন। তবে, প্রবাস যাপন করা জনপ্রিয় এ শিল্পী শুধু অ্যালবামই নয় এবার ‘গানওয়ালী’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নিয়ে এলেন তিনি। এটি নির্মাণ করেছেন শিল্পী নিজেই। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে দলবল নিয়ে নাচের পারফর্মও করেছেন শিরিন।
সিডি চয়েজের ব্যানারে অ্যালবামের এই মিউজিক ভিডিও প্রকাশিত হলো বুধবার। গানটিতে মডেল হিসেবে নিজেই পারফর্ম করেছেন শিল্পী। আভ্রাল সাহিরের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি নিয়ে উচ্ছসিত শিরিন। মিউজিক ভিডিওটিও তিনিই পরিচালনা করেছেন।
বললেন-“আমি সবসময় চাই দর্শকদের ভিন্ন রকম আনন্দ দিতে তাই এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করে। আশাকরি গানটি শুনবেন এবং নাচবেন। নতুন বছরে দর্শকদের জন্য আমার উপহার ‘গানওয়ালী’।”
‘গানওয়ালী’ নিয়ে অ্যালবামটির সংগীত পরিচালক আভ্রাল সাহির বলেন, “এই গানটি ছিলো আমার জন্য একটি চ্যালেঞ্জ, অনেক সাহস নিয়ে ও পরিশ্রম করে গানটি করেছি, কৃতজ্ঞতা শিরিন আপুকে আমাকে এই গানটি করার সুযোগ দেয়ার জন্য।”
অ্যালবামে সদ্যপ্রয়াত কিংবদন্তী গীতিকবি গফুর হালির স্মরণে তার ‘রসের কথা’ শিরোনামে একটি গান করেছেন শিরিন। সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, আসছে ভালেবাসা দিবসে প্রকাশিত হচ্ছে শিরিনের অ্যালবামটি।