Published : 11 Jul 2026, 12:42 AM
বিনোদন দুনিয়া থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় ওরফে থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়গন’ ‘এ’ শাখার সনদ পেয়েছে।
অর্থাৎ সিনেমাটি দেখতে পাবেন কেবল প্রাপ্তবয়স্করা। তবে মুক্তির আগে সিনেমায় ১২টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতির এই সিনেমাটি কবে আসছে, তা নিয়ে অপেক্ষার শেষ নেই তার ভক্তদের।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘জন নায়গন’ সেন্সর সনদ পায় বৃহস্পিবার।
সেন্সর বোর্ড বলছে, একটি দৃশ্যে ভারতের জাতীয় পতাকা নিচে পড়ে যাওয়ার দৃশ্য বাদ দিতে হবে। সাদ্দাম হোসেনের ফাঁসি সংক্রান্ত একটি সংলাপ মুছে বা পরিবর্তন করতে হবে।
এছাড়া পরিবর্তনের জন্য আরও যেসব নির্দেশনা এসেছে, সেগুলো হল-জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যাজ অসম্মানজনকভাবে নিচে নামানোর একটি দৃশ্য বদলে দিতে হবে, একটি সম্পূর্ণ সংলাপ মিউট করতে হবে, শিশু পুড়িয়ে দেওয়ার দৃশ্য সরিয়ে অন্য দৃশ্য যুক্ত করতে হবে।
সব মিলিয়ে সিনেমাটি থেকে ২০ সেকেন্ডের দৃশ্য বাদ পড়বে এবং ১০ সেকেন্ডের অংশ পরিবর্তনের নির্দেশ এসেছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে।
‘জন নায়গন’ মুক্তির কথা ছিল চলতি বছরের ৯ জানুয়ারিতে। এই সিনেমার প্রচারেই গেল বছর চলচ্চিত্রের দুনিয়া থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন বিজয়।
এর মধ্যে ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয় থালাপাতি। রাজনৈতিক জীবন শুরুর পর ‘জন নায়গন’ হতে যাচ্ছে অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র।