Published : 12 Jul 2026, 12:27 AM
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হাতুড়িপেটায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিন উদ্দিন জানিয়েছেন।
নিহত মো. আল আমিন শাকিল (২৭) উপজেলার ওই গ্রামের শাহজাহান পণ্ডিতের ছেলে।
এ ঘটনায় আটক সাইফুল ইসলাম মাতুব্বর (২৭) একই এলাকার আলম মাতুব্বরের ছেলে।
নিহত শাকিলের চাচা মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, বাড়ির কাচারি ঘরে শাকিল, শুভ, রাকিব ও শান্ত লুডু খেলতেছিল। শাকিলের বন্ধু সাইফুল খেলা দেখতেছিল। লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“পরে সাইফুলকে আটক করে পুলিশে দেওয়া হয়। তাদের মধ্যে পুরনো কোনো দ্বন্দ্ব আছে কিনা বলতে পারবো না।”
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোমিন উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।