Published : 10 Jul 2026, 11:57 AM
ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার পর্দায় এসেছে লাইভ-অ্যাকশনের মোয়ানা রূপে।
টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের 'মোয়ানা' সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার।
বিশ্বমুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পারছেন বাংলাদেশের দর্শকরা।
মাল্টিপ্লেক্সটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। লাইভ-অ্যাকশনে কিছু অ্যানিমেশনের আবহ থাকলেও মূল চরিত্রগুলোতে এবার অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা।
বাংলাদেশেও সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "বিশ্বের অন্য সব দেশের মত বাংলাদেশেও ‘মোয়ানা’র এক বিশাল দর্শকশ্রেণি রয়েছে। অ্যানিমেশন সংস্করণের দারুণ সাফল্যের পর এর লাইভ অ্যাকশন নিয়ে দর্শকদের মধ্যে অনেক আগে থেকেই কৌতুহল ছিল। ট্রেইলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। আশা করছি সিনেমাটি ঢাকার দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করবে।"
এবারের সংস্করণের অন্যতম বড় আকর্ষণ অর্ধ-দেবতা ‘মাউই’ চরিত্রটি। ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দেওয়া হলিউড তারকা ডোয়াইন জনসন (দ্য রক) এবার নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন মাউই’ হয়ে।
জনসনের কাছে এই চরিত্রটি কেবল অভিনয়ের অংশ নয়, বরং তার নিজের পলিনেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য স্মারক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পর্দায় যখন মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।"
এই চরিত্রের মধ্যে তিনি নিজের প্রয়াত দাদার প্রতিচ্ছবি খুঁজে পান বলেও জানিয়েছেন তিনি।
সিনেমার মূল চরিত্র ‘মোয়ানা’র সন্ধানে বিশ্বজুড়ে প্রায় ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে নবাগত অস্ট্রেলীয়-সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়াকে।
পরিচালক টমাস কাইল জানিয়েছেন, প্রথম অডিশনেই ক্যাথরিন যখন ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে শোনান, তখনই চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্খা ফুটিয়ে তোলার দক্ষতায় তিনি মুগ্ধ হয়েছিলেন।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা পেরিয়ে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার এই লড়াইয়ে ফুটে উঠবে পরিবার ও দায়িত্ববোধের এক গল্প।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর, মিরপুর সনি স্কয়ার ও উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মল ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীর শাখায় দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।