Published : 12 Jul 2026, 12:15 AM
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উপদাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
এ ছাড়া জেলার অন্যতম ধনু ও সোমেশ্বরী নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে বইছে। মগড়া নদীর পানি স্থিতিশীল এবং কংস নদের পানি হ্রাস পেয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার তথ্যের বরাতে পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, কলমাকান্দার উপদাখালী নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
খালিয়াজুরীতে ধনু নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্টে বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৭৬ মিটার নিচে এবং দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ৮১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আটপাড়ায় মগড়া নদীর পানি স্থিতিশীল অবস্থায় বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।
জেলায় পানি কমতে থাকা নদ-নদীর মধ্যে জারিয়া পয়েন্টে কংশ নদের পানি কমে বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।