Published : 10 Jul 2026, 04:17 PM
ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে অভিনেতার অসুস্থতার কারণ নিয়ে দুরকম তথ্য সামনে এসেছে।
প্রথমে বুধবার খবর এসেছিল, হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরার পথে বিমানে কোনো একটি পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। তাই তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় একইদিন বিকালে বলেছিলেন, রাজেশ শর্মা অসুস্থ হয়েছেন ‘বিষাক্ত মাকড়সার কামড়ে’, যে দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে একটি জঙ্গলের মধ্যে।
এখন শুক্রবার আনন্দবাজার জানিয়েছে, রাজেশের সহকারী শুভাশিস পাণ্ডার বলেন, এসব কিছুই হয়নি। রাজেশ এখন ভালো আছেন।
তিনি বলেন, “দাদা ভালো আছেন। ভুল তথ্য ছড়িয়েছে। হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনো কিছু ঘটেনি। আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি। রোববার আচমকাই দাদার পায়ে সংক্রমণ হয়। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভেতরে কোনো সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদ্গ্রীব হয়ে পড়েছেন।”
তিনিই সারাক্ষণ অভিনেতার সঙ্গে থাকেন বলে জানিয়েছেন পাণ্ডা।
সহকারী শুভাশিসের ভাষ্য, ভুল তথ্য ছড়ানো অবিলম্বে বন্ধের অনুরোধ জানিয়েছেন রাজেশ। গিগগিরই বাড়ি ফিরেবেন বলেও জানিয়েছে এই অভিনেতা।
পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় প্রযোজতি ‘চোর’ সিনেমায় কাজ করেছেন রাজেশ।
সুদীপা বলেছিলেন, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি সিনেমার শুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভেতরে একটি জঙ্গলে শুটিং চলছিল। যেদিন এই ঘটনা ঘটেছে, সেদিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানদের সঙ্গে রাজেশ জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে গিয়েছিলেন।
ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সবাই সতর্ক করেছিলেন বলেও ভাষ্য সুদীপার। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সেখানেই চা খেতে গিয়ে এই বিপদ ঘটে।
মাকড়সার কামড়ের পর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে রাজেশের শরীরে। এর মধ্যে তিনি কলকাতায় ফিরেও আসেন।
সুদীপার ভাষ্য, রাজেশের ডায়াবেটিস থাকার কারণে সেই সংক্রমণ ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে। শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাজেশের অসুস্থার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার।
সোশাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, ‘‘শুটিংয়ের সময়ে পোকার কামড়ে আমার ঘনিষ্ঠ বন্ধু রাজেশ আক্রান্ত শুনে খুবই উদ্বেগে আছি। আশা করব, ঈশ্বর ওকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ করে দেবেন। জলদি সুস্থ হয়ে ওঠ ভাই, এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি আছে।’’
কলকাতার ‘পারমিতার একদিন’, কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’ ছাড়াও বলিউডে ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘মিশন রানীগঞ্জ’সহ আরও কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।
আরও পড়ুন-