Published : 08 Jul 2026, 06:33 PM
ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়েছেন ‘বিষাক্ত মাকড়সার কামড়ে’, যে দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে একটি জঙ্গলের মধ্যে।
এই খবর এসেছে কলকাতার বাংলা দৈনিক ‘আনন্দবাজারের’ প্রতিবেদনে। প্রথমে সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছিল, হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরার পথে বিমানে কোনো একটি পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ।
হাসপাতালে ভর্তির একদিন পার হলেও রাজেশের বিপদ কাটেনি।
পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় প্রযোজতি ‘চোর’ সিনেমায় কাজ করেছেন রাজেশ।
সুদীপা বলেন, “ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে এখনও তিনি ঝুঁকিমুক্ত নন। বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।”
কীভাবে এমন ঘটনা ঘটল জানতে চাইলে সুদীপা বলেন, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি সিনেমার শুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভেতরে একটি জঙ্গলে শুটিং চলছিল। যেদিন এই ঘটনা ঘটেছে, সেদিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানদের সঙ্গে রাজেশ জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে গিয়েছিলেন।
ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সবাই সতর্ক করেছিলেন বলেও ভাষ্য সুদীপার। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সেখানেই চা খেতে গিয়ে এই বিপদ ঘটে।
মাকড়সার কামড়ের পর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে রাজেশের শরীরে। এর মধ্যে তিনি কলকাতায় ফিরেও আসেন।
সুদীপার ভাষ্য, রাজেশের ডায়াবেটিস থাকার কারণে সেই সংক্রমণ ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে। শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতার ‘পারমিতার একদিন’, কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’ ছাড়াও বলিউডে ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘মিশন রানীগঞ্জ’সহ আরও কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।