Published : 14 May 2016, 04:07 PM
২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে গাঁটছড়া বেঁধেছেন বলিউডি অভিনেত্রী প্রিতি, বর যুক্তরাষ্ট্রের নাগরিক জিনি গুডএনাফ। ১৩ মে শুক্রবার বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমে নিজের বলিউড সহকর্মীদের সঙ্গে স্বামীর আনুষ্ঠানিক পরিচয় করিয়েছেন প্রিতি।
প্রিতির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ খান, শাহিদ কাপুরের মত তারকারা। তবে বরাবরের মত গণমাধ্যমের নজর কেড়ে নিয়েছেন সালমানখান। অনুষ্ঠানে নিজের 'ডেট' হিসেবে তিনি সঙ্গে নিয়ে আসেন রোমানিয়ার অভিনেত্রী লুলিয়া ভেন্টুরকে, যার সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে তার প্রেমের গুঞ্জন।
এর আগে বিভিন্ন সময় বিমানবন্দরে কিংবা চলন্ত গাড়িতে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন সালমান-লুলিয়া, কিন্তু প্রথমবারের মত এমন কোন অনুষ্ঠানে একসঙ্গে এসেছেন তারা। জনমনে এখন প্রশ্ন একটাই, তবে কি সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন এই জুটি?
সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফ বলছে, সালমানের দীর্ঘদিনের বন্ধু প্রিতি। তার সংবর্ধনায় অংশ নেবেন বলিউডের একটি বড় অংশ, আর এই সুযোগে লুলিয়াকে সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে চান সালমান। এটাই হবে জনসম্মুখে একসঙ্গে তাদের প্রথম আগমন।
একসঙ্গে ভেন্যুতে প্রবেশ করলেও ভিন্ন ভিন্ন গাড়িতে করে আসেন সালমান-লুলিয়া। দুজনের ছবি এখন টুইটারে হয়েছে ভাইরাল, সেইসঙ্গে চলছে গুঞ্জন।
গত ডিসেম্বরে ৫০ বছর পূর্তি হয়েছে সালমানের। তখন থেকেই শোনা যাচ্ছে, বলিউডের এই সুযোগ্য পাত্রের বিয়ের বাদ্য বাজবে এই বছরই। কয়েকদিন আগে ভারতের এক প্রভাবশালী গণমাধ্যম জানায়, সালমানকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন তার মা।
বলা হয়, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন সালমানের মা। তাই মৃত্যুর আগেই ছেলেকে সংসারী দেখতে চান তিনি। সম্ভবত এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের এই সুপারস্টার।
এমনও খবর এসেছে, লুলিয়াকে ভাল বন্ধু ভাবলেও তার প্রতি প্রেম নেই সালমানের। কিন্তু মায়ের ইচ্ছা পূরণ করতে শেষমেশ লুলিয়াকেই বিয়ে করবেন তিনি।
২৫ বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন সালমান, পুরোটা সময় তার সঙ্গে নাম জুড়েছে একের পর এক সুন্দরি নায়িকার। প্রেম হলেও কারও সঙ্গে সংসার পাতা হয়নি তার। অবশেষে হয়ত প্রেমকে ভুলেই বিয়ের পিঁড়িতে বসতে হবে এই তারকাকে।