১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কনসার্টের প্রস্তুতি শেষ, রাতে মঞ্চে উঠছেন পাকিস্তানের আতিফ

শুক্রবার সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে বসছে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’

কনসার্টের প্রস্তুতি শেষ, রাতে মঞ্চে উঠছেন পাকিস্তানের আতিফ
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টের মঞ্চ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 10:30 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান গাইতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের তারকা সংগীত শিল্পী আতিফ আসলাম।   

শুক্রবার সন্ধ্যা থেকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। তবে আতিফ একা নয়, ‘ম্যাজিক্যাল নাইট’ এ তার সঙ্গে পারফর্ম করবেন দেশটির আরেক তরুণ শিল্পী আবদুল হান্নান। পাশাপাশি থাকবেন বাংলাদেশের গায়ক তাহসান খান এবং ব্যান্ড কাকতালের শিল্পীরা।

কনসার্টের আগের দিন বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আয়োজকরা। কনসার্টের ভেন্যুতে সরাসরি গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হয়েছে মঞ্চ।

দর্শকদের জন্য করা হয়েছে তিনটি সারি, প্রথম সারির নাম দেওয়া হয়েছে 'ম্যাজিকাল জোন'। যেটি উপভোগ করবে ভিআইপি টিকেটধারী দর্শক। তারপর রয়েছে ফ্রন্ট সারি ও সাধারণ সারি। সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন প্রায় ১০ হাজার দর্শক।  

সন্ধ্যা্ ৬টা থেকে মঞ্চে জ্যামিং (গানের চর্চা) এ ব্যস্ত ছিরেন ব্যান্ড কাকতালের শিল্পীরা। গিটার ও ড্রামের শব্দের পাশাপাশি তাদের কণ্ঠে শোনা যাচ্ছিল তাদের গান 'চরকি' ও 'আঁধারের অদ্ভুত ছায়াজল'।

স্টেডিয়ামের পুরো মাঠ জুড়েই বসেছে অনেক স্টল। মাঠের এক পাশে বসে কনসার্টের প্রস্তুতি পর্যবেক্ষণ করছিলেন আয়োজকরা। কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

আয়োজক প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম গ্লিটজকে বলেন, "দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন আতিফ আসলাম। শুক্রবার রাত আটটার পরে মঞ্চে উঠবেন তিনি। অন্য শিল্পীরাও প্রস্তুত, দর্শককে যেন সেরা কিছু মুহুর্ত উপহার দিতে পারি সেই শেষ মুহুর্তের প্রস্তুতিই চলছে। গেট এন্ট্রি থেকে সব কিছু খুব কড়াকড়িভাবে দেখা হচ্ছে। আশা করি আমরা সফলভাবে কনসার্টটি শেষ করতে পারব।"

কনসার্টের গেইট খোলা হবে দুপুর ১টায়, এন্ট্রি গেইট বন্ধ করে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

২০০৩ সালে ব্যান্ড দল জলের সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।

‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।

চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় ‘আর্টস অ্যান্ড মিউজিক’ ফেস্টে গান করেছিলেন এই শিল্পী। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল সেই কনসার্ট।

পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। এখন দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে।

‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’র মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে কাকতাল ব্যান্ড।

আরও পড়ুন:

গান গাইতে ঢাকা আসছেন আতিফ আসলাম

আতিফের সঙ্গে তাহসানসঙ্গে আরও যারা