১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেস্তোরাঁ মালিককে মারধর, অনুতাপে পুড়ছেন সোহম

সোহম বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:11 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ভারতের লোকসভার নবনির্বাচিত এমপি অভিনেত্রী কঙ্গনা রানাউতের চড় খাওয়ার ঘটনা নিয়ে আলোচনার মধ্যে খবরের শিরোনাম হলেন চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী। 

আনন্দবাজার লিখেছে, এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে কলাকাতার অভিনেতা সোহমের বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার কলকাতার নিউ টাউনে একটি রেস্তোরাঁয়। ওই রেস্তোরাঁর দোতলায় সোহমের শুটিং চলছিল।  

শুটিং চলার সময় রেস্তোরাঁর মালিক আনিসুল সেখানে রাখা সোহমের গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আনিসুলের হট্টগোল সোহমের কানে পৌঁছালে তিনি শুটিং ফেলে নিচে চলে আসেন। রেস্তোরাঁ মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি বেঁধে যায়। বাগবিতণ্ডার একপর্যায়ে রেস্তোরাঁ মালিক আনিসুলকে মারধর শুরু করেন অভিনেতা।

এ অভিযোগ নিয়ে কথা বলতে সোহমের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতার দৈনিক আনন্দবাজার। 

তিনি তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, “আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয়। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।”

এই অভিনেতার ভাষ্য, “সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসছে না। গোটা হার্ড ডিস্কটা নিয়েই চলে গিয়েছেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল। সেটা খুঁজে বের করা দরকার। তবে বিষয়টা প্রথমেই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল।”

আনিসুল অভিযোগ করেন, রোস্তোরাঁর সামনে ‘বেআইনিভাবে’ পার্কিং নিয়ে সমস্যা শুরু হয়। সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। কথা কাটাকাটির সময় সোহম রেস্তোরাঁর কর্মচারীদের মারধর করেন।

মালিকের অনুমতি নিয়েই ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন জানিয়ে সোহম বলেন, “শুটিং শুরুর পরে নানা রকম আপত্তি তোলেন মালিক।”

সোহমের প্রযোজনা সংস্থা আনন্দবাজারকে বলেছে, রেস্তেরাঁয় শুটিং করার জন্য নগদ ১০ হাজার রুপি দেওয়া হয় কর্তৃপক্ষকে কিন্তু তারপরেও ঝামেলা শুরু হয়। 

রেস্তোরাঁর মালিক শুটিংয়ের নানা মুহূর্ত ভিডিও করে করে কোনো এক ব্যক্তিকে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ করেছে প্রযোজনা সংস্থা।

সোহম বলেছেন, ঘটনার রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ করতে চেয়েছিলেন। 

“কিন্তু থানা থেকে পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে প্রয়োজন হলে লিখিত অভিযোগ নেওয়া হবে। এখন আমি প্রয়োজন মনে করলে লিখিত অভিযোগ দায়ের করতে পারি। ”

জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা কি উচিত হয়েছে? এই প্রশ্নের উত্তরে সোহম বলেন,  “মানুষ হিসেবে আত্মসম্মানে আঘাত লেগেছিল। তাই ঘটনাটা ঘটে গিয়েছে। এখন অনুশোচনা হচ্ছে।’’

এমপি হয়েই চড় খেলেন কঙ্গনা!

'চাকরি গেলে চাকরি দেব', কুলবিন্দরকে দাদলানির আশ্বাস