১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমিরের ফেরায় প্রথম সঙ্গী ‘সিতারে জামিন পার’

সিনেমা মুক্তির জন্য চলতি বছরের বড়দিনের সময়টি প্রাথমিকভাবে ভেবেছেন আমির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 09:53 AM

Updated : 26 Aug 2026, 11:42 AM

বলিউড অভিনেতা আমির খান অবশেষে নিজের মুখে বলেছেন, তিনি অভিনয়ে ফিরছেন ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে।

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর পর্দায় ফেরেননি আমির। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি। এবার সেটি শোনা গেল।

কয়ময় ডটকম অভিনয়ে আমিরের প্রত্যাবর্তনের খবর জানিয়ে লিখেছে, কদিন আগে প্রজাতন্ত্র দিবসে গুজরাটের বরোদা শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার খবর জানিয়েছেন।

আরো বলেছেন, চলতি বছরের বড়দিনের সময়টি সিনেমা মুক্তির জন্য প্রাথমিকভাবে ভেবেছেন তিনি। এই সিনেমায় আমির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিক্যুয়েল।

আমির বলেন, “বরোদায় ‘তারে জামিন পার’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যগুলোর শুটিং হয়েছিল। ‘সিতারে জামিন পার’ বিনোদনমূলক সিনেমা। চিত্রনাট্য আমার দারুণ পছন্দ হয়েছে।”

সিনেমা মুক্তির খবর জানাতে গিয়ে আমির বলেছেন, কেন গুজরাট তার পছন্দের জায়গা।

“আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবার অনেক সিনেমার শুটিং গুজরাটে হয়েছিল। বাবার সঙ্গে এখানে এসেছি অনেকবার। সেইসব হারিয়ে যাওয়া দিনের স্মৃতি জীবন্ত হয়ে আমার কাছে ফিরে এসেছে।”

‘তারে জমিন পার’ দর্শকনন্দিত হওয়ার পর সিনেমাটিকে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন আমির। 

‘সিতারে জামিন পার’ আমির কেবল অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন।

বলিউডে বহুমাত্রিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা ঊনষাট বছর বয়সী আমির কিছুদিন আগে বলেছেন তিনি তার কর্মজীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।

সেই পরিকল্পনা থেকে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা এখন ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন বলে নিজেই জানিয়েছেন।

তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি। ‘সিতারে জামিন পার’ ওই ছয়টি কাজের একটি কী না সেটিও জানাননি আমির।

আরও পড়ুন:

'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!

সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির? 

আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার

অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির

'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

আমির খানের সিদ্ধান্ত বদল