Published : 28 Aug 2024, 10:51 AM
কিছুদিন আগে একটি পডকাস্ট শোর প্রোমোতে অভিনেতা আমির খানকে বলতে শোনা যায়, তিনি অভিনয় থেকে সরে যাচ্ছেন। ওই ভিডিও দেখে আমির অনুরাগীদের মধ্যে তোলপাড় ওঠে। শোটি প্রচার হওয়ার পর জানা গেল, তিন বছর আগে অভিনয়কে বিদায় জানাতে চাইলে পরিবারে যে ঝড় উঠেছিল, আমির শোতে সেই গল্পই বলছেন।
আমিরের ভক্ত অনুরাগীদের জন্য সুখবর হল, এই অভিনেতা এখন ‘সিতারে জমিন পার’ সিনেমায় কাজ করছেন। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে। অর্থাৎ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সিনেমা জগতেই আছেন।
হিন্দুস্তান টাইমস লিখেছে, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো ‘চ্যাপ্টার টু’ তে গিয়ে আমির বলেন, তিনি তার সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ তার পরিবারের উদ্দেশে উৎসর্গ করেন। এবং সিনেমা মুক্তির পর পরিবারকে জানান, তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন।
আমিরের ওই কথা শুনে বড় ছেলে জুনায়েদ খান প্রথম প্রতিক্রিয়া জানান।
জুনায়েদ বলেন, “বাবা তুমি এটা কীভাবে করতে পার? গত ৩০ বছর ধরে তুমি এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েছ। তুমি নিশ্চয় আবেগপ্রবণ হয়ে পড়েছ বলে এসব বলছ। তুমি বাস্তবে এটা করতেই পারবে না।”
আমিরের ভাষ্য, জুনায়েদ ছাড়াও পরিবারের বাকিরা হতবাক হয়ে যান। তাকে অভিনয়ের সঙ্গে থাকার জন্য বোঝানোর চেষ্টা করেন।
এরপরের ঘটনা বর্ণনায় আমির বলেন, “তারপর আমি আমার প্রযোজনা টিমকে ডাকলাম। সেখানে কিরণও (সাবেক স্ত্রী) ছিলেন। আমি বলেছিলাম, আমার এই সংস্থার আর প্রয়োজন নেই। কারণ আমি আর সিনেমা বানাতে চাই না।
“কিন্তু তোমরা এই পেশায় থাকতে চাও। তাই আমি চাই, এই সংস্থার ভার এবার তোমরা নাও এবং সিনেমা বানাও।”
আমির বলেন, মিটিংয়ে উপস্থিত সবাই চমকে ওঠেন।
কিরণ বলে ওঠেন, “তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ। তুমি বুঝতে পারছ না, তুমি তৈরিই হয়েছ এই জগতে থাকার জন্য। তুমি সিনেমার কাজ ছেড়ে দিচ্ছ মানে তোমার মূল জীবন থেকে মুক্তি নিয়ে নিচ্ছ। তোমার সিনেমা জগতের অংশ তো আমরাও। অর্থাৎ, তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ।”
আমির বলেন, “আমি তখন বলি যে, তোমাদের সঙ্গে মানে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই বলেই এটা চাইছি।”
কিন্তু আমার কথায় কিরণ সেদিন কেঁদে ফেলে।
“আমি বলি, তোমরা আমাকে ভুল বুঝছ। কিন্তু এখন আমি মনে করি কিরণই ঠিক ছিল সেই সময়। যা আমি তখন বুঝতে পারিনি, তা কিরণ বুঝেছিল।”
পুরনো খবর
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
'লাপাতা লেডিস' নিয়ে আমির-কিরণ সুপ্রিম কোর্টে