০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাড়িতে ২০০ অতিথিকে কেন ডাকছেন আমির?

মা জিনাত হুসেইনের এবারের জন্মদিন উপলক্ষে আমির দুইশ জনের বেশি মানুষকে নিমন্ত্রণ করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:48 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

কিছুদিন আগে অসুস্থতা থেকে সেরে উঠেছেন বলিউডি অভিনেতা আমির খানের মা। তাই নায়ক চাইছেন এবারে মায়ের ৯০তম জন্মবার্ষিকী পালন হোক জাঁকজমকের সাথে। সেজন্য দেশের নানা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজনদের এক করছেন তিনি।

বলিউড শাদিসডটকম লিখেছে, আমিরের মা জিনাত হুসেইনের জন্মদিন বৃহস্পতিবার। এ উপলক্ষে আমির দুইশ জনের বেশি মানুষকে নিমন্ত্রণ করেছেন। 

তারা আসবেন বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন শহর থেকে আমিরের মুম্বাইয়ের বাড়িতে। আমিরের ঘনিষ্ঠ বন্ধুদেরও নিমন্ত্রণ করা হচ্ছে।

গত বছর চিকিৎসার জন্য চেন্নাইতে ছিলেন আমির খানের মা জিনাত। সে সময় সব কাজ ফেলে মায়ের সঙ্গে ছিলেন আমির।  

তিনি বলেন, “আরো অনেকের মায়ের মত আমার মাও আমার জীবনকে সব চেয়ে বেশি প্রভাবিত করেছেন। তিনিই আমার কাছে সব চেয়ে প্রিয় মানুষ, তার স্থানের কোনো অদলবদল নেই। তিনি সুস্থ হয়েছেন এটাই সবচেয়ে বড় কথা।"

২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় পর্দায় শেষবার হাজির হয়েছিলেন আমির খান। ওই বছর মুক্তি পাওয়া ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় আমির খানকে পাওয়া যায় ক্যামিও চরিত্রে।

এছাড়া চলতি বছর আমির খান ও তার সাবেক স্ত্রী কিরণ রাও ‘লাপাতা লেডিস’ নামের একটি সিনেমা প্রযোজনা করছেন। সিনেমাটি পরিচালনা করছেন কিরণ রাও।